বঙ্গবন্ধুকে কটাক্ষ: ঢাবি শিক্ষকের বিরুদ্ধে চট্টগ্রামে রাষ্ট্রদ্রোহের অভিযোগ
জাতির জনকের অবমাননা ও ইতিহাস বিকৃতির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোর্শেদ হাসান খানসহ তিনজনের বিরুদ্ধে চট্টগ্রামের আদালতে রাষ্ট্রদ্রোহের অভিযোগ দায়ের করা হয়েছে।
বুধবার চট্টগ্রামের মহানগর হাকিম আল ইমরান খানের আদালতে অভিযোগটি দায়ের করেন নগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাবেদুল আলম মাসুদ।
মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক মোর্শেদ হাসান ছাড়াও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সম্পাদক আলমগীর মহিউদ্দিন এবং প্রকাশক সামসুল হুদাকে বিবাদি করা হয়েছে।
বাদির আইনজীবী কামরুল হাসান রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালত অভিযোগটি আমলে নিয়ে পাঁচলাইশ থানার পরিদর্শককে (তদন্ত) বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দিতে বলেছেন। বাদির জবানবন্দিও গ্রহণ করেছেন।”
রাষ্ট্রদ্রোহ মামলা করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের বিষয়ে জানতে চাইলে আইনজীবী কামরুল বলেন, “পুলিশ তদন্ত প্রতিবেদন দিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য তা পাঠানো হবে।”
দৈনিক নয়া দিগন্তে স্বাধীনতা দিবস সংখ্যায় লেখা ‘জ্যোতির্ময় জিয়া’ শীর্ষক একটি নিবন্ধ লিখেছিলেন মোর্শেদ হাসান খান।
নিবন্ধে তিনি লিখেছিলেন, “..... আওয়ামী নেতাদের বেশিরভাগই তাদের পরিবার-পরিজনসহ ভারত চলে গেলেন, এ দেশবাসীকে মৃত্যুর ফাঁদে ফেলে দিয়ে নেতৃত্বহীন অবস্থায়। যাকে ঘিরে এই দেশের মানুষ মুক্তির স্বপ্ন দেখতো সেই শেখ মুজিবুর রহমানও।
“স্বাধীনতার ডাক এসেছিল মুজিব গ্রেফতার হওয়ার পর, তার আগে নয়। আমার জানামতে তিনি কোন সময় স্বাধীনতার ঘোষণা দেননি।”
ওই নিবন্ধ লেখায় অধ্যাপক মোর্শেদ খানের বহিষ্কার দাবি করেছিল ছাত্রলীগ; নিন্দা জানিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিও।
এর আগে মঙ্গলবার অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানকে সাময়িকভাবে অব্যাহতি দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আইনজীবী কামরুল হাসান রাসেল বলেন, “ওই নিবন্ধে সাতই মার্চের ভাষণ এবং স্বাধীনতার ঘোষণা নিয়ে উদ্দেশ্যমূলকভাবে কিছু তথ্য উপস্থাপন করা হয়েছে। বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার বিষয়টি আদালত স্বীকৃত এবং এ বিষয়ে হাই কোর্টের নির্দেশনাও আছে। জাতিসংঘ ৭ই মার্চের ভাষণের স্বীকৃতি দিয়েছে।
“আদালত ও আন্তর্জাতিক সংস্থা স্বীকৃত বিষয় নিয়ে মিথ্যা তথ্য উপস্থাপন করায় তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে।”
অধ্যাপক মোর্শেদ হাসান খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য। তিনি বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকদের জোট সাদা দলের যুগ্ম-আহ্বায়ক এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক।
