নকল ওয়ালটন-মার্সেল পণ্যের কারখানার সন্ধান
বন্দর নগরীতে নকল ওয়ালটন ও মার্সেল ব্র্যান্ডের বৈদ্যুতিক পণ্য তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে পুলিশ।
মঙ্গলবার নগরীর হালিশহর থানার ফকির গলি বসুন্ধরা আবাসিক এলাকায় নুরজাহান ভিলা নামের একটি বাড়িতে অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ এই কারখানার সন্ধান পায়।
সেখান থেকে গ্রেপ্তার করা হয় চারজনকে। এরা হলেন- আশরাফুল ইসলাম বাবু (২৫), আরিফ (৩০), মহিন উদ্দিন (২৪) এবং আবুল খায়ের (২২)।
অভিযানে ৬৬টি নকল ওয়ালটন ভোল্টেজ স্ট্যাবিলাইজার এবং ১২টি মার্সেল ব্র্যান্ডের অটোমেটিক ভোল্টেজ স্ট্যাবিলাইজার উদ্ধার করা হয়।
আব্দুল কাদের (৪০) নামের একজন চক্রটির মূল হোতা জানিয়ে নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার অলক বিশ্বাস বলেন, আব্দুল কাদেরের নেতৃত্বে ওই বাসায় ওয়ালটন ও মার্সেল ব্র্যান্ডের নকল স্ট্যাবিলাইজার ও আইপিএস তৈরি করত তারা।
“এগুলো আসল পণ্য বলেই বাজারে বিক্রি করা হত। এসব পণ্য অত্যন্ত নিম্নমানের। এগুলো ব্যবহারে মারাত্মক দুর্ঘটনার আংশকা থাকে।”
এ ঘটনায় নগরীর হালিশহর থানায় একটি মামলা হয়েছে।
