২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিহত বাবাকে খুঁজছে ইব্রাহিম

সমবয়সী ফুফাতো ভাইবোনদের সঙ্গে খেলায় ব্যস্ত থাকলেও মাঝে মাঝেই বাবার খোঁজ করে সোয়া তিন বছর বয়সী ইব্রাহিম আহতাম; স্বজনরা মিথ্যা আশ্বাসে ভুলিয়ে রাখার চেষ্টা করছে তাকে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2018, 10:35 PM

Updated : 11 Oct 2022, 12:15 PM

পুরনো খবর:

চট্টগ্রামে যুবলীগকর্মী হত্যায় হাজী ইকবালসহ ১৭ জন আসামি
চট্টগ্রামে যুবলীগকর্মীকে কুপিয়ে হত্যা

আট দিন আগে চট্টগ্রাম বন্দর থানার সল্টগোলা এলাকায় মেহের আফজল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের কক্ষে কুপিয়ে হত্যা করা হয় যুবলীগকর্মী মো. মহিউদ্দিন মহিদকে (৩২)।

এখনও গ্রেপ্তার হয়নি মামলার প্রধান আসামি হাজী ইকবালসহ মূল আসামিরা।

এরমধ্যেই সোমবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মহিউদ্দিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন করে এলাকাবাসী।

সেই মানববন্ধনে এসেছিলেন নিহত মহিউদ্দিনের মা নূর নেছার বেগম, বোন হীরা আক্তার, স্ত্রী সানজিদা আক্তার পিংকী আর ভাই মো. আবু ইউসুফ।  

তাদের সঙ্গে ছিল মহিউদ্দিনের সন্তান ইব্রাহিম। কখনও ছিল মায়ের কোলে, কখনও পরিবারের অন্য সদস্যদের কোলে। বাবা হত্যার বিচার দাবিতে একটি পোস্টার নিয়ে রাস্তায়ও দাঁড়াতে দেখা গেছে শিশুটিকে।

ওই পোস্টারে লেখা ছিল- ‘এক কেমন বর্বরতা? কিছু মানুষরূপী হিংস্র পশুর থাবায় আর কত মায়ের বুক খালি হবে। প্রশাসনের জবাব চাই’।

ইউসুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জানাজার দিন পুলিশ বলেছিল তাদের কয়েকদিন সময় দিতে। আট দিন পেরিয়ে গেল মূল আসামিদের কেউ গ্রেপ্তার হয়নি।

“ছেলেটা (ইব্রাহিম আহতাম) প্রায় বাবার খোঁজ করে। গতকাল সকালেও বাবাকে খুঁজেছে। ওর মা বলেছে- তোমার বাবা বিদেশে চলে গেছে। তখন সে বলল- ‘না, বাবা বিদেশে যায়নি, ঘুমিয়ে আছে’।

“দিনের বেশিরভাগ সময় সে আমার ছোট বোনের ছেলে-মেয়েদের সাথে খেলা করে। কিন্তু মাঝে মাঝে আবার বাবার খোঁজ করে। তাকে কী বলব?”

মহিউদ্দিনের বোন হীরা আক্তার বলেন, “আমি ভাই হারিয়েছি। পুলিশ প্রশাসনকে বলছি- দ্রুত আমার ভাইয়ের খুনিদের গ্রেপ্তার করুন।”

মহিউদ্দিনের স্ত্রী সানজিদা আক্তার পিংকী খুনিদের গ্রেপ্তারে স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে ৩৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাসান মুন্নার সঞ্চালনায় একাত্মতা জানিয়ে বক্তব্য রাখেন বন্দর থানা আওয়ামী লীগ সভাপতি নুরুল আলম, হালিশহর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিদ্দিকুল ইসলাম, ৩৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি এম হাসান মুরাদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান, ৩৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শফিউল ইসলাম, নগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি প্রমুখ।

মহিউদ্দিন খুনের ঘটনায় এখন পর্যন্ত সাজু, তানভীর ও আমানউল্লাহ নামে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এদের মধ্যে তানভীর প্রধান আসামি হাজী ইকবালের মেয়ে জামাই এবং আমানুল্লাহ হাজী ইকবালের অনুসারী।

মেহের আফজল উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী উপলক্ষে ২৬ মার্চ দুপুরে প্রধান শিক্ষকের কক্ষে বৈঠক চলাকালে মহিউদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবারের দাবি, হাজী ইকবালের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল গিয়ে মহিউদ্দিনকে খুন করে মোটরসাইকেল ও মাইক্রোবাসে করে পালিয়ে যায়।

হাজী ইকবাল একসময় বন্দর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। দলের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের জন্য আট বছর আগে তাকে বহিষ্কার করা হয়। তবে তিনি আওয়ামী লীগ নেতা হিসেবেই নিজের পরিচয় দেন বলে স্থানীয়দের ভাষ্য।

তারা জানান, বছরখানেক আগে হাজী ইকবাল মেহের আফজল স্কুলের এক শিক্ষকে ছুরিকাঘাত করেছিলেন। সে সময় মহিউদ্দিন ওই স্কুলশিক্ষকের পক্ষ নেওয়ায় হাজী ইকবালের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। সেই বিরোধের জেরে মহিউদ্দিন খুন হয়েছেন।

হত্যাকাণ্ডের পরদিন নিহত মহিউদ্দিনের মা হাজী ইকবালসহ ১৭ জনকে আসামি করে হত্যা মামলা করেন।