চট্টগ্রামে যুবলীগকর্মী হত্যায় হাজী ইকবালসহ ১৭ জন আসামি
চট্টগ্রামে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় সাবেক আওয়ামী লীগ নেতা হাজী ইকবালসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
বন্দর থানার পরিদর্শক (তদন্ত) বিকাশ সরকার জানান, নিহত মো. মহিউদ্দিনের মা নূর নেছার বেগম মঙ্গলবার সকালে এ হত্যা মামলা দায়ের করেন।
হাজী ইকবালকে সেখানে প্রধান আসামি করার পাশাপাশি তার ভাই মুরাদকেও আসামির তালিকায় রাখা হয়েছে।
এদিকে সোমবার দুপুরে হত্যাকাণ্ডের পর রাতে অভিযান চালিয়ে মুছা ও তানভীর নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তারা ওই মামলার আসামি জানিয়ে পরিদর্শক বিকাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
নিহত মো. মহিউদ্দিন
মেহের আফজল উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী উপলক্ষ্যেই সোমবার দুপুরে প্রধান শিক্ষকের কক্ষে বৈঠক চলাকালে মহিউদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবারের দাবি, হাজী ইকবালের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল গিয়ে মহিউদ্দিনকে খুন করে মোটরসাইকেল ও মাইক্রোবাসে করে পালিয়ে যায়।
হাজী ইকবাল একসময় বন্দর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। দলের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের জন্য আট বছর আগে তাকে বহিষ্কার করা হয়। তবে তিনি আওয়ামী লীগ নেতা হিসেবেই নিজের পরিচয় দেন বলে স্থানীয়দের ভাষ্য।
তারা জানান, বছরখানেক আগে হাজী ইকবাল মেহের আফজল স্কুলের এক শিক্ষকে ছুরিকাঘাত করেছিলেন। সে সময় মহিউদ্দিন ওই স্কুল শিক্ষকের পক্ষ নেওয়ায় হাজী ইকবালের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। সেই বিরোধের জেরে মহিউদ্দিন খুন হয়েছেন বলে ধারণা স্থানীয়দের।
এ অভিযোগের বিষয়ে কথা বলতে ইকবালকে ফোন করা হলে তা বন্ধ পাওয়া যায়।
