অটিজমবান্ধব সমাজ প্রতিষ্ঠার আহ্বান
জীবনের সব ক্ষেত্রে প্রবেশগম্যতা নিশ্চিত করতে অটিজমবান্ধব সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার।
সোমবার বিশ্ব অটিজম দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আবদুল মান্নান বলেন, শিক্ষা-চিকিৎসা এবং সর্বোপরি জীবনের সর্বক্ষেত্রে অটিস্টিক শিশুদের প্রবেশগম্যতা নিশ্চিত করতে হলে তাদের উপযোগী পরিবেশ ও অটিজমবান্ধব সমাজ প্রতিষ্ঠা করতে হবে।
“অটিজম বিষয়ে সামাজিক সচেতনতা বাড়িয়ে অটিজমবান্ধব সমাজ প্রতিষ্ঠা করতে হবে। অটিজম কোনো অসুস্থতা নয়, বরং এটি একজন শিশুর অবস্থা মাত্র। সঠিক যত্ন, থেরাপি ও কাউন্সিলিং পেলে অটিস্টিক শিশু সাধারণ শিশুদের মত জীবন যাপন করতে পারে।”
এর আগে দিবস উপলক্ষে সকাল সাড়ে দশটায় নগরীর গুলপাহাড় মোড় থেকে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. নুরুল আলম নিজামীর নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নগরীর প্রধান সড়কগুলো ঘুরে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
সেখানে অন্যান্য আয়োজনের মধ্যে ছিল চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।
আলোচনা অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার আবদুল মান্নান বলেন, সরকার দেশের ৬৪টি জেলা ও ৩৯টি উপজেলায় ১০৩টি প্রতিবন্ধী সেবা ও ওয়ান স্টপ সাভির্স সেন্টার চালু করেছে।
“বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে শিশু বিকাশ কেন্দ্র স্থাপন করে অটিজম ও নিউরো ডেভলপমেন্ট সমস্যাজনিত শিশুদের চিকিৎসা দিচ্ছে, যা পর্যায়ক্রমে জেলা ও উপজেলা হাসপাতালেও দেওয়া হবে।”
অনুষ্ঠানে মুখ্য আলোচক ফাহমিদা ইসলাম বলেন, “সামাজিক সচেতনতার মাধ্যমে অটিজম রোগীদের মানসিক উন্নতি সম্ভব। এরা আমাদের সমাজেই অংশ। এদের বাদ দিয়ে সমাজের উন্নয়ন সম্ভব নয়।”
তিনি বলেন, “এ ধরনের শিশুরা পারিপার্শ্বিক অবস্থা ভুলে নিজেদের নিয়েই ব্যস্ত থাকে। তাই অনেকে তাদের বুঝতে পারে না, আবার অনেক ক্ষেত্রে সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেয়। অথচ শুধুমাত্র সামাজিক সচেতনতার মাধ্যমে অটিজম থেকে মুক্তি পাওয়া সম্ভব।”
আলোচনায় সমাজসেবা অধিদপ্তরের পরিচালক ড. নাজনীন চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
