২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় যুবক আটক

চট্টগ্রামের সাতকানিয়ায় ঘরে ঢুকে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় এক যুবককে ধরে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2018, 10:01 PM

Updated : 19 Aug 2022, 01:48 PM

মঙ্গলবার দুপুরে আবু বক্কর সিদ্দিক (২২) নামের ওই যুবককে ধরা হয় বলে জানান সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মজিবুর রহমান।

আবু বকর সাতাকনিয়ার ছোট বারদোনা এলাকার আজিজের বাপের বাড়ির মোহাম্মদ ইসহাকের ছেলে। সে চট্টগ্রাম শহরে একটি দোকানে চাকরি করে।

পরিদর্শক (তদন্ত) মজিবুর রহমান জানান, সোমবার রাতে সাতকানিয়া সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চিব্বাডি এলাকায় ঘরে প্রবেশ করে সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ করেন আবু বক্কর। ঘরে তখন কেউ ছিল না। মেয়েটির মা পাশের বাড়িতে গিয়েছিলেন।

তিনি বলেন, “মেয়েটির মা ফিরে এলে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় আবু বক্কর। মঙ্গলবার দুপুরে আবু বক্করকে স্থানীয়রা এলাকায় দেখে তাকে ধরে পুলিশের হাতে তুলে দেয়।”

এ ঘটনায় ওই ছাত্রীর মা একটি ধর্ষণ মামলা করেছেন বলে জানান তিনি।