২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নানা আয়োজনে চট্টগ্রামে স্বাধীনতা দিবস পালিত

চট্টগ্রামে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও নানা আয়োজনে পালিত হলো স্বাধীনতা ও জাতীয় দিবস।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2018, 07:23 PM

Updated : 11 Oct 2022, 12:13 PM

সোমবার সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জাতীয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।

সকালে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ। বিএনপি, জাতীয় পার্টি এবং ওয়ার্কার্স পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন কাউন্সিলরদের নিয়ে শহীদ মিনারে ফুল দেন।

এরপর চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আবদুল মান্নান, জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন, নগর পুলিশের কমিশনার ইকবাল বাহারসহ বিভিন্ন পদস্থ সরকারি কর্মকর্তারা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন।

শহীদ মিনারে ফুল দিতে সমবেত হয় সম্মিলিত সাংস্কৃতিক জোট, উদীচী, খেলাঘরসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

পাশাপাশি নগরীর বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরাও শহীদ মিনারে সমবেত হন শ্রদ্ধা জানাতে।

এদিকে নগর আওয়ামী লীগের পক্ষ নগরীর প্রত্যেকটি ওয়ার্ডে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা হয়।

সকালে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে প্রতিবারের মত অনুষ্ঠিত হয় স্বাধীনতা দিবসের ডিসপ্লে। নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেশাত্মবোধক গানের তালে ডিসপ্লেতে অংশ নেয়।