সীতাকুণ্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুজন দগ্ধ
চট্টগ্রামের সীতাকুণ্ড থানার কুমিরা এলাকায় একটি দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুজন দগ্ধ হয়েছেন।
সোমবার সকালে কুমিরা গার্লস হাইস্কুল সংলগ্ন মানিক স্টোর নামের দোকানে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
এতে আহতরা হলে মো. রাশেদ (২২) ও শহীদুল ইসলাম (২০)। দুজনই সীতাকুণ্ড থানার জোড় আমতল এলাকার বাসিন্দা।
তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মানিক স্টোর নামের একটি খাবারের দোকানের মালিক রাশেদ; শহীদুল ওই দোকানের কর্মচারী।
চমেক পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দোকানে চুলায় খাবার তৈরির সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে দুজন আহত হন।
তাদের হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান এসআই আলাউদ্দিন।
