বাতি লাগানোর সময় তড়িতাহত হয়ে মৃত্যু
চট্টগ্রাম নগরীর একটি কমিউনিটি সেন্টারের পাশের গাছে আলোকসজ্জার বাতি লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার বিকালে মো. তারেক (২২) নামের ওই যুবক বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর প্রায় আধ ঘণ্টা ওই গাছে ঝুলে ছিলেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলেও বাঁচানো যায়নি।
নিহত তারেক ফেনীর পরশুরাম থানার মহিষ পুষ্করনি গ্রামের নজিব আহমেদের ছেলে। তিনি চট্টগ্রাম নগরীর বেবি সুপার মার্কেটের পেছনে লিটন মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।
পাঁচলাইশ থানার এসআই আমিনুল বাহার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই নম্বর গেইট এলাকার জিন্নুরাইন কমিউনিটি সেন্টারের উত্তর পাশের একটি গাছে আলোকসজ্জার কাজ করছিলেন তারেক।
“বিকেল সাড়ে ৪টার দিকে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এরপর ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।”
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে তারেককে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত তারেকের সুরতহাল হয়েছে। তার পরিবারকেও খবর দেওয়া হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা বাহার।
তিনি বলেন, “কমিউনিটি সেন্টার কেন সেখানে বাতি লাগাতে বলছিল, তা আমরা খোঁজ নিচ্ছি।”
তারেক সেখানে চুক্তির ভিত্তিতে কাজ করতেন। তার পরিবারের সদস্যরা মামলা করতে চাইলে তা নেওয়া হবে বলে জানান এসআই বাহার।
