চট্টগ্রামে ট্রাক-অটো সংঘর্ষে নিহত ২
চট্টগ্রামে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও তিনজন।
রোববার বিকালে পটিয়া থানার কলেজ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে হাইওয়ে পুলিশের পটিয়া ফাঁড়ির পরিদর্শক মিজানুর রহমান জানান।
নিহতরা হলেন- মো. রিদুয়ান (৪০) ও মো. ছোটন (২৫)। তাদের মধ্যে লবণ ব্যবসায়ী রিদুয়ান বাঁশখালী উপজেলার শেখের খিল থাকতেন। আর ছোটনের বাসা দক্ষিণ জলদি এলাকায়।
চট্টগ্রাম মেডিকেল (ফাইল ছবি)
পরিদর্শক মিজান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কলেজ বাজার এলাকায় একটি বাই পাস সড়ক থেকে মূল সড়কে ওঠার সময় অটো রিকশাটির সঙ্গে শাহ আমানত সেতুগামী ট্রাকটির সংঘর্ষ হয়।
ট্রাকের ধাক্কায় অটোরিকশার পাঁচ আরোহীর সবাই আহত হন। তাদের চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হলে রিদুয়ান ও ছোটনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে মেডিকেল ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান।
পুলিশ কর্মকর্তা মিজানুর বলেন, যে জায়গায় সংঘর্ষ হয়েছে সেই রাস্তার একটি অংশ মহাসড়ক প্রশস্ত করার কাজের জন্য বন্ধ রাখা হয়েছিল। তবুও ট্রাকটি ওই পাশ দিয়ে গেছে এবং অটো রিকশাটি তখনই মহাসড়কে উঠছিল।
দুর্ঘটনার পর ট্রাক ও চালককে আটক করা হয়েছে বলে জানান তিনি।
