২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফলের জন্য বিভাগে তালা চবি প্রাণীবিদ্যার ছাত্রদের

পরীক্ষার ফল প্রকাশের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগে তালা লাগিয়ে দিয়েছে শিক্ষার্থীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2018, 06:42 PM

Updated : 08 Apr 2022, 05:51 PM

রোববার বিভাগের দ্বিতীয় ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা বিভাগের মূল ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ দেখায়।

বেলা ১২টার দিকে বিভাগের মূল ফটকে শিক্ষার্থীরা লাগিয়ে দিলে বিভাগের কোনো ধরনের কার্যক্রম হতে পারেনি। পরে দেড়টার দিকে প্রক্টরিয়াল বডির সদস্যরা তালা খুলে দেন।

শিক্ষার্থীরা বলছেন, গত বছরের ২২ মে চতুর্থ বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হলেও এখনও পর্যন্ত তাদের ফলাফল প্রকাশ করা হয়নি।

একইভাবে গত বছরের প্রথম দিকে দ্বিতীয় বর্ষের পরীক্ষা শেষ হলেও একবছরেও তাদের ফলাফল প্রকাশ করেনি পরীক্ষা কমিটি।

বিভাগীয় সভাপতি গাজী সৈয়দ মো. আসমত বলেন, দুইটি বর্ষের ফলাফল প্রকাশ করতে বিলম্ব হওয়ায় শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে।

বিষয়টি নিয়ে শিক্ষকদের সাথে আলোচনা করে সমাধান করা হবে বলে আশ্বস্ত করেন তিনি।

চবির সহকারী প্রক্টর নিয়াজ জানান, ফলাফল প্রকাশের দাবিতে শিক্ষার্থীরা বিভাগীয় সভাপতিকে অবরুদ্ধ করে মূল ফটকে তালা লাগিয়ে দেয়।

“পরে আমরা গিয়ে দ্রুত ফলাফল প্রকাশের বিষয়টি আশ্বস্ত করে তালা  খুলে দিয়েছি।”