২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে জাল কাগজপত্রে ভর্তির পর ক্লাস করতে এসে ধরা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘ক্লাস করতে আসা’ এক শিক্ষার্থীর ভর্তির কাগজপত্র যাচাইয়ের পর তা জাল প্রমাণ হওয়ায় তাকে পুলিশে দেওয়া হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2018, 08:43 PM

Updated : 19 Aug 2022, 01:30 PM

সোমবার বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে এ ঘটনা ঘটে।

আটক জাহেদুল ইসলাম সাতকানিয়া উপজেলার পশ্চিম ডেমশা এলাকার বাসিন্দা।

বিশ্ববিদ্যালয়ের চবি’র সহকারী প্রক্টর লিটন মিত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জাহেদুল ইসলাম মার্কেটিং বিভাগে প্রথম বর্ষের ক্লাস করতে আসার পর সেখানে শিক্ষার্থীদের তালিকায় তার নাম খুঁজে পাওয়া যায়নি।

“পরে বিভাগীয় প্রধান তার ভর্তির টাকা জমার রশিদ, ডিন অফিস থেকে দেওয়া ভর্তির কাগজপত্র পরীক্ষা করে দেখেন সেগুলো জাল।”

লিটন মিত্র বলেন, জিজ্ঞাসাবাদে জাহেদুল স্বীকার করেছে ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলে সে অপেক্ষমান তালিকায় ছিল। পরে ভর্তির জন্য সে একটি চক্রের সাথে যোগাযোগ করে।

“তারা সাড়ে তিন লাখ টাকার বিনিময়ে তাকে ভর্তি করিয়ে দেওয়ার আশ্বাস দেয়। এ বাবদে সে কিছু টাকা পরিশোধ করলে ওই চক্রের লোকেরা তাকে এসব জাল রশিদ ও কাগজপত্র দেয়।”

পরে জাহেদুলকে হাটহাজারী থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান সহকারী প্রক্টর।

লিটন মিত্র বলেন, “জালিয়াতির ঘটনায় জুলকার নাঈম ও সাদ্দাম হোসেন নামের দুইজনের কথা বলেছে জাহেদুল। আমরা তদন্ত করে দেখছি।”

হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একজনকে আটক করে দেয়া হয়েছে।

“যাচাই-বাছাই চলছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”