চট্টগ্রামে আন্তর্জাতিক সমকালীন ভাস্কর্য প্রদর্শনী শুরু
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ এবং অঁলিয়স ফ্রসেজে একযোগে শুরু হয়েছে আট দিনব্যাপী আন্তর্জাতিক সমকালীন ভাস্কর্য প্রদর্শনী।
রোববার চারুকলা অনুষদের গ্যালারিতে প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, ভাস্কর্য মানুষের শিল্প প্রচেষ্টার প্রাচীনতম মাধ্যম।
“এই ভাস্কর্যই সারা পৃথিবীর মানুষের ঐক্যের অন্যতম মাধ্যম হতে পারে। প্রাগৈতিহাসিক কাল থেকেই ভাস্কর্য তার আপন বৈশিষ্ট্যে আন্তর্জাতিক ভাষা হিসেবে গণ্য হয়েছে।”
উপাচার্য বলেন, ভাস্কর্য সবসময় মানবতার পক্ষেই কথা বলেছে। মানুষের সুখ-দুঃখ, বেদনা, বিজয়-গৌরব, সংবেদনশীল মনের কথা শিল্পীরা ভাস্কর্যের মাধ্যমে প্রকাশ করেছেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মহান মুক্তিযুদ্ধের ভাস্কর্য গড়ে তোলা হবে বলে জানান তিনি।
অধ্যাপক ড. ফয়েজুল আজিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চবি চারুকলা অনুষদের পরিচালক শায়লা শারমিন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা বিভাগের ডিন মো. সেকান্দর চৌধুরী, কবি-নাট্যজন ও বিটা পরিচালক শিশির দত্ত, অঁলিয়স ফ্রসেজ চট্টগ্রামের পরিচালক সেলভাম থোরেজ।
৪ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন চারুকলা অনুষদের শিল্পী রশিদ চৌধুরী গ্যালারি ও সংলগ্ন খোলা প্রাঙ্গণে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা এবং অঁলিয়স ফ্রসেজ গ্যালারিতে রোববার ছাড়া প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী চলবে।
দুই ভেন্যুতে মোট ৭০টির মত ভাস্কর্য ও স্থাপনা প্রদর্শিত হচ্ছে।
জার্মানির মিউনিখভিত্তিক সংগঠন স্কাল্পচার নেটওয়ার্কের উদ্যোগে আন্তর্জাতিক ভেন্যু হিসেবে এই ভাস্কর্য প্রদর্শনী চট্টগ্রামে তৃতীয়বারের মত অনুষ্ঠিত হচ্ছে।
অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশসহ বিশ্বের ২১টি দেশের মোট ৯৭টি ভেন্যুতে এই প্রদর্শনী একযোগে শুরু হয়েছে। বিশ্বের পাঁচ হাজার ভাস্কর্য শিল্পী এতে অংশ নিচ্ছেন।
বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীর ৫৪ জন শিল্পী তাদের ভাস্কর্য, স্থাপনা শিল্প ও ত্রিমাত্রিক শিল্পকর্ম নিয়ে প্রদর্শনীতে অংশ নিচ্ছেন।
২০১০ সাল থেকে স্কাল্পচার নেটওয়ার্ক এই প্রদর্শনী শুরু করলেও চট্টগ্রাম এর আন্তর্জাতিক ভেন্যু হিসেবে যুক্ত হয় ২০১৬ সালে।
