২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দলবেধে ধর্ষণের পর হত্যা করা হয় শিশুটিকে: চট্টগ্রাম পুলিশ

চট্টগ্রামের আকবর শাহ এলাকায় চার দিন আগে নয় বছর বয়সী যে মেয়েটির লাশ পাওয়া গিয়েছিল, তাকে ‘দল বেঁধে ধর্ষণের পর’ হত্যা করা হয় বলে তদন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2018, 11:44 AM

Updated : 11 Oct 2022, 12:03 PM

পুরনো খবর:

চট্টগ্রামে ‘ধর্ষণের পর’ শিশু হত্যার ঘটনায় মামলা

আকবর শাহ থানার ওসি আলমগীর মাহমুদ জানান, চট্টগ্রাম নগরী, জেলা ও কুমিল্লার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই ঘটনায় জড়িত সন্দেহে আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছেন তারা।

এ নিয়ে এ ঘটনায় মোট ছয়জনকে গ্রেপ্তার করা হল। পুলিশ আরও একজনকে ধরতে অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন ওসি।  

আকবর শাহ থানার ‘বিশ্ব ব্যাংক কলোনির’ আয়শা মমতাজ মহল নামের একটি পাঁচতলা ভবনের দ্বিতীয় তলার সিঁড়ির পাশ থেকে গত রোববার রাতে মেয়েটির লাশ উদ্ধার করে পুলিশ।

প্রাথমিকভাবে মেয়েটির পরিচয় জানা না গেলেও পরে তার পরিবারের খোঁজ পাওয়া যায়। তার শরীরের বিভিন্ন স্থানে নখের আঁচড়ের দাগ থাকায় ধর্ষণের সন্দেহের কথা পুলিশ সে সময়ই জানিয়েছিল।

এ ঘটনায় মেয়েটির মা সোমবার রাতে অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে মামলা করেন। লাশ উদ্ধারের পর পুলিশ ভবনের তত্ত্বাবধায়ক মনিরুল ইসলাম ওরফে মনুকে (৪৯) আটক করে ওই মামলায় গ্রেপ্তার দেখায়।

ওসি আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা তদন্ত করে জানতে পেরেছি, মেয়েটিকে গ্যাং রেপের পর হত্যা করা হয়। মনুসহ মোট সাতজন মিলে মেয়েটিকে ধর্ষণ করে।”

তিনি বলেন, বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।