২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ‘ধর্ষণের পর’ শিশু হত্যার ঘটনায় মামলা

চট্টগ্রামে ‘ধর্ষণের পর’ শিশু হত্যার ঘটনায় মামলা করেছে পরিবার।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2018, 11:59 AM

Updated : 08 Apr 2022, 05:47 PM

নিহত শিশুর মা বাদী হয়ে সোমবার রাতে বন্দরনগরীর আকবর শাহ থানায় মামলা করেছেন বলে জানান আকবর শাহ থানার ওসি আলমগীর মাহমুদ।

নগরীর আকবর শাহ ‘বিশ্ব ব্যাংক কলোনির’ ‘আয়শা মমতাজ মহল’ নামে পাঁচতলা একটি ভবনের দ্বিতীয় তলার সিঁড়ির পাশ থেকে রোববার রাতে ফাতেমা আক্তার মিম নামে নয় বছর বয়সী এক মেয়ের লাশ উদ্ধার করে পুলিশ।

লাশ উদ্ধারের পর পুলিশ মেয়েটির পরিচয় জানতে না পারলেও পরে পরিবারের সদস্যরা এসে তার লাশ শনাক্ত করে।

পুলিশের প্রাথমিক ধারণা, মেয়েটিকে ধর্ষণের পর হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছিল।

ওসি আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেয়েটির শরীরের বিভিন্ন স্থানে আঁচড়ের চিহ্ন ছিল। প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হয়েছি তাকে ধর্ষণের পর খুন করা হয়েছে।

তিনি বলেন, মেয়েটির মা রাবেয়া বেগম বাদী হয়ে ধর্ষণ ও হত্যার ঘটনায় মামলা করেছেন। মামলায় সুনির্দিষ্ট করে কাউকে আসামি করা হয়নি।

এদিকে লাশ উদ্ধারের পর ওই ভবনের তত্ত্বাবধায়ক মনিরুল ইসলাম ওরফে মনুকে (৪৯) আটক করে পুলিশ।

ওসি জানান, মনু দোষ স্বীকার না করলেও পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় তাকেই দোষী মনে হচ্ছে।

মনুকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে বলেও জানান ওসি আলমগীর।

তিনি বলেন, ময়নাতদন্তে মিমের ডিএনএ সংগ্রহ করা হয়েছে; প্রতিবেদন পাওয়া গেলে বিষয়টি পরিষ্কার হবে।