২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্লাইওভারে উল্টোপথে ভ্যান, সংঘর্ষে প্রাইভেট কার আরোহীর মৃত্যু

চট্টগ্রামের আখতারুজ্জামান ফ্লাইওভারে উল্টোপথে আসা একটি কভার্ড ভ্যানের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2018, 09:57 AM

Updated : 19 Aug 2022, 01:29 PM

খুলশী থানার এসআই দেলোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার সকালে বন্দরনগরীর জিইসি মোড়ে এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

নিহত মন্টি চৌধুরী (২৭) চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদণ্ডীর মৃণ্ময় চৌধুরীর ছেলে। আহত অমিতকে (৪৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এসআই দেলোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কভার্ড ভ্যানটি লালখান বাজার থেকে মুরাদপুর যাওয়ার সময় উল্টো দিকে উঠে যায়। আর প্রাইভেট কারটি মুরাদপুর থেকে লালখান বাজারের দিকে যাচ্ছিল।

“জিইসি মোড়ে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাইভেট কারে থাকা দুইজন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।”

হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। পরে পরিবারের সদস্যরা হাসপাতালে এসে মন্টির লাশ শনাক্ত করে বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান।

এসআই দেলোয়ার বলেন, দুর্ঘটনার পর কভার্ড ভ্যান ফেলে চালক পালিয়ে যায়। প্রাইভেট কারে একটি মোবাইল ফোন পাওয়া গেছে, তার সূত্র ধরে  নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।