২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগ নেতাকে গুলি: আত্মসমর্পণের পর কারাগারে সোলায়মান

চট্টগ্রামে এক ছাত্রলীগ নেতাকে গুলির ঘটনায় বালু ব্যবসায়ী মো. সোলায়মান আদালতে আত্মসমর্পণ করেছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2018, 08:40 PM

Updated : 19 Aug 2022, 01:27 PM

উচ্চ আদালত থেকে পাওয়া পাঁচ সপ্তাহের জামিনের মেয়াদ শেষে রোববার সোলায়মান আদালতে আত্মসমর্পণ করলে চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম এ কিউ এম নাসির উদ্দিন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতে শুনানিতে অংশ নেওয়া নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী সাহাবুদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছাত্রলীগ নেতা এনামুল হক মানিককে গুলি করার মূল পরিকল্পনাকারী, নির্দেশদাতা এবং অস্ত্র সরবরাহকারী ছিলেন সোলায়মান।

“তিনি উচ্চ আদালত থেকে পাঁচ সপ্তাহের জামিনে ছিলেন। সেই জামিন শেষ হওয়ার পরই আজ মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করেন। জামিন আবেদনের শুনানি শেষে তা নামঞ্জুর করে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।”

গত ৫ ডিসেম্বর রাতে নগরীর ১৮ নম্বর বাকলিয়া ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনামুল হক মানিককে গুলি করা হয়।

তখন ‍পুলিশ জানিয়েছিল, বাকলিয়ার কালামিয়া বাজার এলাকার বালু ব্যবসায়ী সোলায়মান বর্তমান কাউন্সিলর হারুণ অর রশীদের বিরোধী। আর হারুণের ঘনিষ্ট হিসেবে পরিচিত এনামুল হক মানিক। 

কাউন্সিলরের সঙ্গে বিরোধের জেরে পেশাদার সন্ত্রাসী রমজানকে দিয়ে সোলয়ামান ওই রাতে এনামুলকে গুলি করান বলেও জানিয়েছিল পুলিশ।

এ ঘটনায় আহত এনামুল হকের ভাই বাদি হয়ে একটি মামলা করেন। ওই মামলায় গত ১১ ডিসেম্বর রমজানকে নগরীর চান্দগাঁও থানার খাজা রোড থেকে গ্রেপ্তার করে পুলিশ।