২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নানা আয়োজনে বোধন আবৃত্তি পরিষদের বর্ষপূর্তি উদযাপন

কথামালা, আবৃত্তি ও গানে বত্রিশ বছরে পদার্পন উদযাপন করেছে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2018, 09:19 PM

Updated : 19 Aug 2022, 01:22 PM

মঙ্গলবার সন্ধ্যায় নগরীর থিয়েটার ইন্সটিটিউট গ্যালারি হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আবৃত্তি শিল্পী প্রণব চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শ্রাবণী গুহ এ্যানী।

অনুষ্ঠানে বক্তব্যে উদীচী কেন্দ্রীয় সহ-সভাপতি চন্দন দাশ বলেন, আশির দশকে স্বৈরশাসকের রক্ত চক্ষু ও নির্যাতন উপেক্ষা করে বোধন আবৃত্তি পরিষদ পথ চলেছে।

“এরপর দীর্ঘ পথ চলায় নানা প্রতিবন্ধকতা পেরিয়ে তারা এগিয়ে যাচ্ছে। দেশ ও সমাজের নানা সংকটে বোধন আবৃত্তি পরিষদ সামনের সারিতে থেকে সাংস্কৃতিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে।”

বোধন আবৃত্তি পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য পারভেজ চৌধুরী বলেন, মূলত এই অঞ্চলের মানুষের বাচিক উৎকর্ষতা বৃদ্ধি এবং প্রগতিশীল সামাজিক-সাংস্কৃতিক আন্দোলনে চুক্ত থাকার মানসে বোধনের যাত্রা শুরু হয়েছিল।

অনুষ্ঠানে বোধনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় উদীচী, নরেন আবৃত্তি একাডেমি, উচ্চারক, স্বরনন্দনসহ বিভিন্ন সংগঠন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রকৌশলী দেলোয়ার মজুমদার, আবৃত্তি শিল্পী রণজিৎ রক্ষিত, কবি আশীষ সেন, নাট্য ব্যক্তিত্ব শিশির দত্ত, সাংবাদিক কামরুল হাসান বাদল, মুক্তিযোদ্ধা পঞ্চানন চৌধুরী, কবি জিন্নাহ চৌধুরী, খেলাঘর চট্টগ্রাম মহানগরীর সহ-সভাপতি শীলা দাশগুপ্তা, উদীচী চট্টগ্রাম জেলার সহ-সভাপতি সুনীল ধর, সাংবাদিক চৌধুরী ফরিদ ও মিন্টু চৌধুরী, শিল্পী দুলাল দাশগুপ্ত, শিল্পী সুব্রত বড়ুয়া রনি, নাট্যকর্মী সাইফুল ইসলাম বাবু।

শুভেচ্ছা বক্তব্য রাখেন বোধনের সভাপতি সুজিত রায় ও সাধারণ সম্পাদক এস এম আব্দুল আজিজ।