২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফটিকছড়ির যুবলীগ নেতা খুনের ‘হোতা’ গ্রেপ্তার

চট্টগ্রামের ফটিকছড়ির আবদুল্লাহপুরে যুবলীগ নেতা মোহাম্মদ এনাম হত্যাকাণ্ডের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2018, 09:58 PM

Updated : 19 Aug 2022, 01:22 PM

গত বছরের ৯ মে ফটিকছড়িতে এনাম হত্যাকাণ্ডের পর দুজনকে গ্রেপ্তার করা হয়।

তাদের স্বীকারোক্তিতে রোববার সকালে আতুরার ডিপো এলাকা থেকে হত্যাকাণ্ডের ‘হোতা’ নওশাদ আলীকে (২৫) গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

নওশাদ ফটিকছড়ি উপজেলার জাহানপুর গ্রামের মৃত নজিবুর রহমানের ছেলে।

আবদুল্লাহপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন এনাম। তেলবাড়ি খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়েছিল।

Image
যুবলীগ নেতা মোহাম্মদ এনাম

যুবলীগ নেতা মোহাম্মদ এনাম

পিবিআইয়ের চট্টগ্রাম জেলা পরিদর্শক আবু জাফর মো. ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লাশ পাওয়ার দুদিন আগে থেকে নিখোঁজ ছিলেন এনাম। তার স্ত্রী ফটিকছড়ি থানায় একটি সাধারণ ডায়রিও করেছিলেন।

লাশ উদ্ধারের পর ওই জিডি হত্যা মামলা হিসেবে নথিভুক্ত হয়। ফটিকছড়ি থানা পুলিশের হাত ঘুরে তদন্তের দায়িত্ব আসে পিবিআইতে।

আবু জাফর বলেন, এ ঘটনায় আগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে নওশাদকে গ্রেপ্তার করা হয়।

হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এই পুলিশ কর্মকর্তা বলেন, “আবদুল্লাহপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যানের পক্ষ নেওয়ায় শত্রুতার জেরে যুবলীগ নেতা এনামকে ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যার পর লাশ খালে ফেলে দেওয়া হয়েছিল।”

পুরনো খবর:

নিখোঁজ যুবলীগ নেতার বস্তাবন্দি লাশ খালে