দুই বোনকে অপহরণ করে ধর্ষণচেষ্টায় ৬ জনের যাবজ্জীবন
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া এলাকায় এক যুগ আগে দুই তরুণীকে অপহরণ ও ধর্ষণ চেষ্টার অভিযোগে করা মামলায় ছয় আসামির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোতাহির আলী এ রায় দেন।
দণ্ডিতরা হলেন- আরমান ওরফে ফরমান, ফরিদ ওরফে এলজি ফরিদ, মো. শাহেদ, আনোয়ার হোসেন, শাহাব উদ্দিন ও মো. রুবেল। তারা সবাই লোহাগাড়া উপজেলার বাসিন্দা।
ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি এম এ নাসের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অপহরণের পর ধর্ষণ চেষ্টার অভিযোগে করা মামলায় আসামিদের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের দণ্ডিত করেছে আদালত।
নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭ ধারায় অপহরণের অভিযোগে প্রত্যেক আসামিকে যাবজ্জীবনের অদেশ দিয়েছে আদালত। পাশাপাশি ৯ এর ৪ (খ) ধারায় প্রত্যেককে ১০ বছর করে সাজা এবং ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের সাজার আদেশ দেন বিচারক।
দণ্ডিত ছয় আসামির সবাই জামিন নিয়ে পলাতক বলে জানান আইনজীবী এম এ নাসের।
মামলার নথি থেকে জানান যায়, ২০০৫ সালের ২৯ নভেম্বর লোহাগাড়া উপজেলার পদুয়া এলাকায় এক চাচাত ভাইয়ের ওষুধের দোকানের সামনে দাঁড়ানো অবস্থায় দুই চাচাত বোনকে অপহরণ করে সিএনজিচালিত অটোরিকশায় করে নিয়ে যায় আসামিরা। এরপর তাদের পদুয়া ফরেস্ট অফিসের দক্ষিণ পাশে অটোরিকশা থেকে নামিয়ে ধর্ষণের চেষ্টা করে।
পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ ওই দুই তরুণীকে উদ্ধার করলে তাদের একজন বাদী হয়ে পরদিন থানায় ছয় জনের বিরুদ্ধে মামলা করেন।
দন্ত শেষে পুলিশ ২০০৬ সালের ২৮ জানুয়ারি অভিযোগ পত্র দেয়। ২০০৭ সালের ২৫ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
