২৪ ঘণ্টার ধর্মঘটে চট্টগ্রামের পাটকল শ্রমিকরা
মজুরি কমিশন ঘোষণাসহ ১১ দফা দাবিতে সারা দেশের মতো চট্টগ্রামের সাত জুট মিলে ২৪ ঘণ্টার ধর্মঘট করছে পাটকল শ্রমিক-কর্মচারীরা।
মঙ্গলবার সকাল ৬টা থেকে ধর্মঘট শুরু করে বাংলাদেশ জুট মিল করপোরেশনের (বিজেএমসি) অধীন কারখানাগুলোর শ্রমিক-কর্মচারীদের সংগঠন ‘রাষ্ট্রায়ত্ব পাটকল সিবিএ-নন সিবিএ সমন্বয় পরিষদ’।
পরিষদের চট্টগ্রাম অঞ্চলের সদস্য সচিব দিদারুল আলম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০৯ সালের পর থেকে পাটকল শ্রমিকদের জন্য নতুন করে কোনো মজুরি কমিশন ঘোষণা করা হয়নি।
“২০১৫ সালে সরকার নতুন পে-স্কেল ঘোষণা করলেও মজুরি কমিশন দেয়নি। এতে করে পাটকল শ্রমিকদের বর্তমান বাজারের সাথে সঙ্গতি রেখে জীবনযাপন একপ্রকার অসম্ভবই হয়ে পড়েছে।”
এছাড়া পাটকল শ্রমিকদের ছয় থেকে ১২ সপ্তাহ পর্যন্ত মজুরি বকেয়া রয়েছে দাবি করে তিনি বলেন, শ্রমিকরা এক প্রকার অমানবিক জীবনযাপন করছে। এ কারণে মজুরি কমিশন ঘোষণা, বকেয়া পাওনা পরিশোধ, প্রভিডেন্ড ফান্ড ও গ্র্যাচুয়িটির টাকা পরিশোধসহ ১১ দফা দাবিতে ধর্মঘট চলছে।
নগরীর আমিন জুটমিল সিবিএর সাধারণ সম্পাদক শামসুল আলম জানান, মঙ্গলবার সকাল ৬টা থেকে তাদের কারখানায় শুরু শ্রমিক ধর্মঘট হয়ে বুধবার সকাল ৬টা পর্যন্ত চলবে।
আমিন জুটমিল ছাড়াও চট্টগ্রামের হাফিজ জুটমিল, গুল আহমদ জুট মিল, আর আর জুট মিল, এম এম জুট মিল, হালফ্রা হাবীব জুট মিল, ঢাকা-বাগদাদ কার্পেট ফ্যাক্টরিতে ধর্মঘট চলছে।
