আগে রান্না করা নিয়ে ঝগড়া, গরম পানি ছোড়ায় তরুণী দগ্ধ
চট্টগ্রাম নগরীর ঈদগাহ এলাকায় চুলায় রান্না নিয়ে ঝগড়ার জেরে এক তরুণীকে গায়ে গরম পানি ঢেলে দগ্ধ করেছেন এক নারী।
মঙ্গলবার সকালে নগরীল হালিশহর থানাধীন ঈদগাহ বড় পুকুর পাড়ের মজু মেম্বারের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
দগ্ধ সাবেকুন নাহার (২০) বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন স্বজনদের বরাত দিয়ে জানান, মজু মেম্বারের পাঁচটি ভাড়া ঘরের লোকজন দুটি চুলায় রান্নার কাজ করে থাকে। আগেভাগে রান্না করা নিয়ে ভাড়াটিয়াদের মধ্যে প্রায়ই ঝগড়া হয়।
“মঙ্গলবার সকালে রান্না করা নিয়ে আয়েশা নামে এক নারীর সঙ্গে বচসা হয় নাহারের। এর জেরে আয়েশা চুলার গরম পানি নাহারের গায়ে ঢেলে দেয়।”
গরম পানিতে নাহারের শরীরের ১৮ শতাংশ পুড়ে গেছে বলে জানান এএসআই আলাউদ্দিন।
হালিশহর থানার ওসি মাহফুজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঝগড়া করতে গিয়ে একজন আরেকজনকে গরম পানি ছুঁড়ে মেরেছে। এ ঘটনায় অভিযুক্ত আয়শাকে আটক করা হয়েছে।
এ ঘটনায় আয়েশার বিরুদ্ধে একটি মামলাও দায়ের করা হবে জানান এই পুলিশ কর্মকর্তা।
