২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রেলে ৮৬৫ খালাসি নিয়োগে অনিয়ম তদন্তের দাবি

পূর্ব রেলে ৮৬৫ খালাসিসহ সব পদের নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে তদন্তের দাবি জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2017, 01:24 PM

Updated : 19 Aug 2022, 06:17 PM

রোববার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন থেকে নিয়োগ ও প্রকল্প বাস্তবায়নে অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে এতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়।

সংবাদ সম্মেলনে পরিষদের কেন্দ্রীয় কমিটির সমন্বয়কারী মোখলেছুর রহমান বলেন, বর্তমানে ৮৬৫ জন খালাসি নিয়োগের প্রক্রিয়া ঢাকার এক বাসায় চূড়ান্ত করা হচ্ছে। নিরাপদ ট্রেন চলাচল মনিটরিং এর কাজ উপেক্ষা করে জিএম কমিটির লোকজনকে ঢাকায় ডেকে নিয়ে কোটি কোটি টাকার নিয়োগ বাণিজ্য বাস্তবায়নের কাজে লিপ্ত করানো হয়েছে।

“মন্ত্রীর বাসায় নিয়ে যদি লোক নিয়োগের কথা হয়, তাহলে সেই মন্ত্রী দিয়ে কীভাবে মন্ত্রণালয় ভালোভাবে চলবে এবং এই মন্ত্রী দিয়ে প্রধানমন্ত্রীর ভিশন ২০২১ বাস্তবায়ন হবে তা মনে করার কোনো কারণ নেই।”

মোখলেছুর রহমান বলেন, নিয়োগে মেধার কোনো মূল্যায়ন হচ্ছে না। টাকার মূল্যায়ন হচ্ছে। রাতের আঁধারে চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ চূড়ান্ত হচ্ছে। পোষ্য-মুক্তিযোদ্ধা কোনো কোটাই মানা হচ্ছে না। এই নিয়োগ মানি না।

“কোনো রেল কর্মচারী সন্তানের পোষ্য কোটার চাকরির জন্য মন্ত্রীর সাথে দেখা করতে গেলে তিনি তাদের অফিস থেকে বের করে দেন- এটা হতে পারে না। ওই কর্মচারীরা সারাজীবন রেলের সেবা করেছেন।”

সব ধরনের নিয়োগের তদন্ত দাবির পাশাপাশি রেলমন্ত্রী ও রেল মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সব কর্মকাণ্ড পর্যালোচনায় দুর্নীতি দমন কমিশনের হস্তক্ষেপ চান মোখলেছুর রহমান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব মোহাম্মদ আলী বলেন, রেলে লোকবল নিয়োগে গঠিত নিয়োগ কমিটি সংশ্লিষ্ট মহাব্যবস্থাপকের অনুমোদন নিয়ে নিয়োগ তালিকা প্রকাশ করার নিয়ম।

“কিন্তু রেল মন্ত্রণালয়ের নগ্ন হস্তক্ষেপের মাধ্যমে নিয়োগ হয়ে থাকে। অথচ এই নিয়োগ কার্যক্রম চট্টগ্রামেই হওয়ার কথা।”

মোহাম্মদ আলী বলেন, নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস এখন নিয়মে পরিণত হয়েছে। ট্রেড অ্যাপ্রেন্ট্রিস লিখিত পরীক্ষার প্রশ্ন ফাঁসের একবছর পর পরীক্ষা বাতিল হলেও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

“যদি তখন ব্যবস্থা নেওয়া হত তাহলে সদস্য সমাপ্ত অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট ও মেটারিয়াল চেকার পরীক্ষার প্রশ্ন ফাঁস হতো না।”

সংবাদ সম্মেলনে ২২৭ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম সার্কুলার লাইন প্রকল্প চালুর তিন মাস পর বাতিল করা, ওই প্রকল্পে নির্মিত স্টেশন ভেঙ্গে ফেলা, বিশুদ্ধ পানি সরবরাহে চট্টগ্রাম স্টেশনে গৃহীত ম্যাক্স প্রকল্প অনুপোযোগী এবং দুর্বল চুক্তির মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানকে রেলের জমি বরাদ্দ দেয়া বিপুল আর্থিক ক্ষতিরও অভিযোগ করা হয়।

বাংলাদেশ রেলওয়ে শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের নেতা আবদুস সবুর, কাজী আনোয়ারুল হক ও এসকে বারী এসময় উপস্থিত ছিলেন।