২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৫০ হাজার ইয়াবাসহ দুই সেনা সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামে ৫০ হাজার ইয়াবাসহ দুই সেনা সদস্যকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2017, 12:28 PM

Updated : 12 Apr 2022, 01:01 AM

কর্ণফুলী থানার পরিদর্শক (তদন্ত) হাসান ইমাম জানান, শনিবার গভীর রাতে শাহ আমানত সেতু সংলগ্ন মইজ্জ্যার টেক এলাকা থেকে ওই দুইজনকে তারা গ্রেপ্তার করেন।

গ্রেপ্তার শিহাব উদ্দিন ও শফিকুল ইসলাম চট্টগ্রাম সেনানিবাসে সৈনিক পদে কর্মরত বলে জানান পরিদর্শক হাসান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “দুই সৈনিক কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে চট্টগ্রামে এসেছিলেন। মইজ্জ্যার টেক এলাকায় তারা বাস থেকে নেমে আরেকটি বাসের জন্য অপেক্ষা করছিলেন। সে সময় গোপন খবরের ভিত্তিতে তাদের তল্লাশি করে ব্যাগের ভেতরে ৫০ হাজার ইয়াবা পাওয়া যায়।”

গ্রেপ্তার দুজন পুলিশকে বলেছেন, তারা ছুটি নিয়ে কক্সবাজারে গিয়ে সেখান থেকে ইয়াবা নিয়ে চট্টগ্রামে আসেন। তবে এ বিষয়ে সেনাবাহিনীর বক্তব্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানতে পারেনি।

শিহাব ও শফিকুলের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে বলে জানান পরিদর্শক হাসান।