গণিত ও ইংরেজির প্রভাব চট্টগ্রাম বোর্ডে ফলে
মাধ্যমিকের মতো জেএসসিতেও গণিত ও ইংরেজিতে শিক্ষার্থীদের খারাপ ফলাফলের জন্য চট্টগ্রাম বোর্ডের পাশের হার কমেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ বছর চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত জেএসসি পরীক্ষায় এক লাখ ৮০ হাজার ৮৬৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে এক লাখ ৪৬ হাজার ৮১৪ জন, যা শতাংশের হিসেবে ৮১ দশমিক ১৭ শতাংশ।
গত বছর পাশের সংখ্যা ছিল এক লাখ ৬২ হাজার ৫২৪ জন। এবছর গত বছরের তুলনায় নয় দশমিক ৫৮ শতাংশ শিক্ষার্থী কম পাশ করেছে।
পরীক্ষার ফলাফল ঘোষণার পর চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান বলেন, “ইংবেজি ও গনিতে পাশের হার গতবছরের চেয়ে কম হওয়ায় এবছর সার্বিক ফলাফল খারাপ হয়েছে।”
এবছরের ফলাফল গত পাঁচ বছরে চট্টগ্রাম বোর্ডের সবচেয়ে খারাপ বলেও জানান বোর্ড কর্মকর্তারা।
চট্টগ্রামের ডা. খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয়ে জেএসসি ও প্রাথমিক সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের উল্লাস। ছবি: সুমন বাবু
আর ইংরেজি দ্বিতীয় পত্রে ৯০ দশমিক ৯৪ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে।
এদিকে এবছর গণিতে পাশ করেছে ৯১ দশমিক ৫১ শতাংশ, যা গত বছর ছিল ৯৬ দশমিক ০৫ শতাংশ।
এছাড়াও এবছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংখ্যাও কমেছে গতবছরের তুলনায়।
এবছর ১০ হাজার ৩১৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেলেও গতবছর তা ছিল ১৪ হাজার ১৩৫ জন।
তবে পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, চট্টগ্রাম ও কক্সবাজারের শিক্ষার্থীরা গণিত ও ইংরেজিতে তুলনামূলক ভালো করলেও তিন পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীরা এ দুটি বিষয়ে বেশি খারাপ করেছে, যার কারণে পুরো বোর্ডের ফলাফলে প্রভাব পড়েছে।
চট্টগ্রামের ডা. খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয়ে জেএসসি ও প্রাথমিক সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের উল্লাস। ছবি: সুমন বাবু
চট্টগ্রাম বোর্ডের ফলাফলে দেখা যায়, রাঙামাটি জেলায় এবছর পাশের হার গত বছরের চেয়ে ১০ শতাংশ কম। এবছর পাশের ৭৮ দশমিক ৩৪ শতাংশ, যা গত বছর ছিল ৮৮ দশমিক ৩২ শতাংশ।
খাগড়াছড়ি জেলায় এবছর পাশের হার কমেছে সাড়ে ২১ শতাংশ। গত বছর এ জেলাটিতে ৮৯ দশমিক ৭০ শতাংশ পরীক্ষার্থী পাশ করলেও এবছর করেছে ৬৮ দশমিক ১৭ শতাংশ।
বান্দরবান জেলায় এ বছর পাশ করেছে ৭৮ দশমিক ৭৪ শতাংশ যা গত বছর ছিল ৮৩ দশমিক ৫৫ শতাংশ।
পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব জানান, রাঙামাটিতে এবছর ইংরেজিতে পাশ করেছে ৮৪ দশমিক ৯২ শতাংশ আর গণিতে ৯১ দশমিক ৭৬ শতাংশ।
খাগড়াছড়িতে ইংরেজিতে ৭৯ দশমিক ০৭ ও গণিতে ৮৪ দশমিক ৫২ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছে।
এদিকে বান্দরবানে ৮৬ দশমিক ৫৪ ও গণিতে ৮৯ দশমিক ৭৭ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছে বলে জানান পরীক্ষা নিয়ন্ত্রক।
