২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জুসের বোতলে ইয়াবা পাচার, ২ যুবক গ্রেপ্তার

জুসের ভেতরে করে ইয়াবা পাচারের সময় চট্টগ্রামে দুই যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2017, 04:38 PM

Updated : 11 Oct 2022, 02:53 PM

শনিবার ভোরে শাহ আমানত সেতু এলাকায় টেকনাফ থেকে ঢাকাগামী একটি বাস থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (পশ্চিম) মঈনুল ইসলাম।

গ্রেপ্তাররা হলেন- মো. সাগর মিয়া (২৭) ও রুহুল আমিন শেখ (২৪)। সাগর কিশোরগঞ্জের ও রুহুল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বাসিন্দা হলেও তারা গাজীপুরে থাকেন।

সহকারী পুলিশ কমিশনার মঈনুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তাররা ফ্রুটিকা জুসের বোতলের লেভেল খুলে বিশেষ কৌশলে বোতলটি কেটে ফেলে।

“সেখানে বায়ু ও পানি নিরোধক প্যাকেটের ভেতরে ইয়াবা মুড়িয়ে তা বোতলের ভেতর ঢুকিয়ে রাখে।”

তিনি জানান, আগে থেকে খবর পেয়ে ভোরে ঢাকাগামী এনা পরিবহনের একটি বাসে তল্লাশি করা হয়। সেখানে জুসের বোতলসহ সাগর ও রুহুলকে পাওয়া যায়।

পরে তাদের কাছে থাকা বোতলগুলো তল্লাশি করে ইয়াবাগুলো পাওয়া যায় বলে জানান গোয়েন্দা কর্মকর্তা মঈনুল।

প্রতিটি বোতলে আড়াই হাজার করে মোট পাঁচ হাজার ইয়াবা উদ্ধার করা হয় বলে জানান তিনি।

মঈনুল বলেন, গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন এর আগেও তারা ঢাকায় ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছিলেন। ঢাকার উত্তরা পশ্চিম থানায় তাদের বিরুদ্ধে এক মাদক মামলা আছে।