২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় নারী, ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

লোহাগাড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক নারী এবং নগরীতে ভবন থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2017, 08:56 PM

Updated : 12 Apr 2022, 12:59 AM

বুধবার দুপুরে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকায় দুর্ঘটনায় তাহারু বেগম (৩৫) নামের ওই নারী মারা যান।

তাহারু বেগম নগরীর বাকলিয়ার বউ বাজার এলাকার মো. ইয়াকুবের স্ত্রী।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমিরাবাদের রাজঘাটা এলাকায় গ্রিন লাইনের বাস চার চাকার ম্যাজিক গাড়িকে ধাক্কা দিলে তাহারু বেগম গুরুতর আহত হন।

“বিকাল চারটার দিকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

এদিকে সকালে নগরীর পাঁচলাইশ মোমিন বাগ এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২৫ বছর বয়সী এক নির্মাণ শ্রমিক গুরুতর আহত হন।

এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, সকালে ভর্তি করানোর পর ওই শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৩টায় মারা যান।

তার নাম-পরিচয় জানা যায়নি।