চট্টগ্রামে ছাদ থেকে পড়ে শিক্ষকের মৃত্যু
চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় ভবনের ছাদ থেকে পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
আখতার আহমেদ নামের ৭৫ বছর বয়সী ওই ব্যক্তি এক সময় বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। পশ্চিম বাকলিয়ার রসুলবাগ আবাসিক এলাকায় তার বাসা।
শুক্রবার সকালে তিন তলা ওই ভবনের ছাদ থেকে পড়েই তার মৃত্যু হয়।
পরিবারের বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে ছাদের বাগানে ফুল গাছে পানি দিতে গিয়েছিলেন আখতার। কিন্তু সেখান থেকে তিনি পড়ে যান।
সকাল পৌনে ৮টার দিকে হাসপাতালে আনা হলে আখতারকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
বাকলিয়া থানার এসআই আসাদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গাছে দেওয়ার জন্য পানি না পেয়ে ট্যাঙ্কের অবস্থা দেখতে গিয়েছিলেন আখতার আহমেদ।
“ছাদের ওই অংশে কোনো রেলিং নেই। তাছাড়া তিনি উচ্চ রক্তচাপের রোগী। সেখানে উঠে মাথা ঘুরে তিনি ছাদ থেকে পড়ে গিয়েছিলেন বলে পরিবারের সদস্যরা ধারণা করছেন।”
