২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লোহাগাড়ায় বাগান মালিককে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড় হাতিয়া এলাকায় এক বাগান মালিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2017, 06:55 PM

Updated : 12 Apr 2022, 12:57 AM

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনায় নিহত মো. মোজাম্মেল হক (৩৫) মৃত মফজল সওদাগরের ছেলে।

লোহাগাড়া থানার ওসি মো. শাজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাহাড়ের বাগানে শ্রমিকদের খাবার দিয়ে ফেরার পথে মোজাম্মেলের ওপর হামলা হয়।

“পাহাড়ি নির্জন পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে খুন করে। স্থানীয়দের সহায়তায় প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।”

হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, বিকালে মোজাম্মেলকে হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

“তার মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে।”

ওসি মো. শাজাহান বলেন, পাহাড়ের বাগান নিয়ে স্থানীয় একটি পক্ষের সাথে মোজাম্মেলের বিরোধ ছিল। তার বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ কয়েকটি মামলাও আছে।

“পরিবারের পক্ষ থেকে এখনো মামলা করা হয়নি। পূর্ব শত্রুতার জেরে এবং পাহাড়ের মালিকানার বিরোধে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।”