২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সার্জেন্টের ‘ঘুষি’, রাস্তায় গাড়ি রেখে চালকের প্রতিবাদ

চট্টগ্রামে পুলিশ সার্জেন্টের মারধরের পর রাস্তায় গাড়ি রেখে প্রতিবাদ করেছেন এক মিনিবাস চালক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2017, 08:26 PM

Updated : 11 Oct 2022, 02:51 PM

মঙ্গলবার বিকালে নগরীর কোতোয়ালি থানা মোড়ে এ ঘটনা ঘটে।

পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিস্থিতি সামাল দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর নিউ মার্কেট থেকে থেকে ফতেয়াবাদগামী তিন নম্বর রুটের একটি মিনিবাসের চালকের সাথে কোতোয়ালি মোড়ে এক ট্রাফিক সার্জেন্টের ‘ঝামেলা’ হয়। তখন ওই চালকের নাক থেকে রক্ত পড়তে দেখা গেছে।

পরে চালক বাসটি রাস্তায় আড়াআড়িভাবে রেখে থানায় ছুটে যান।

বাস চালক মো. ইমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিউমার্কেট থেকে কোতোয়ালি মোড়ের দিকে যাওয়ার পথে রাস্তায় আমি এক মহিলাকে তুলি।

Image
বাস চালক মো. ইমন

বাস চালক মো. ইমন

“এ জন্য সেখানে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট গাড়িতে উঠে আমার নাকে ঘুষি মারেন।”

তিনি বলেন, “ট্রাফিক সার্জেন্ট আমার অপরাধের জন্য মামলা দিতে পারতেন কিংবা গাড়ি আটক করতে পারতেন; আমাকে মারতে পারেন না।

অভিযোগ নিয়ে থানায় গেলে সেখানে পুলিশ সদস্যরা বিভিন্ন কথা বলে গড়িমসি করতে থাকেন বলে তিনি অভিযোগ করেন।

ওই এলাকায় দায়িত্বরত ট্রাফিক পরিদর্শক (টিআই-কোতোয়ালি) মুন্সী হাফিজুর রহমান বলেন, “চালকের সাথে সার্জেন্টের একটু ভুল বোঝাবুঝি হয়েছে। পরে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে বিষয়টি মীমাংসা করে দিয়েছেন।”

হাফিজুরের দাবি, ট্রাফিক সার্জেন্ট গাড়িতে উঠে তাকে থামাতে বলার সময় তার হাতে মামলার বই ছিল। ওই বইটি চালকের নাকে লাগলে রক্ত বের হয়।