২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হয়রানির প্রতিবাদে দিনভর বন্ধ ওষুধের দোকান

আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে হয়রানি বন্ধের দাবিতে দোকান বন্ধ রেখে প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রামের ওষুধ ব্যবসায়ীরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2017, 07:31 PM

Updated : 11 Oct 2022, 02:47 PM

সোমবার সকাল থেকে নগরীর সবেচেয়ে বড় পাইকারি ওষুধের বাজার হাজারী গলির দোকানপাট বন্ধ রাখেন ব্যবসায়ীরা।

রোববার র‌্যাবের একটি দল নগরীর বহদ্দারহাট এলাকায় হক সুপার মার্কেটে অভিযান চালায়।

‘অবৈধ ও মেয়াদোত্তীর্ণ’ ওষুধের বিরুদ্ধে র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নয়টি দোকানকে মোট সাড়ে সাত লাখ টাকা জরিমানা করা হয়।

এই ঘটনার প্রতিবাদে সোমবার সকাল থেকে হাজারী গলি ও বহদ্দারহাট এলাকার সব ওষুধের দোকান বন্ধ রাখা হয়।

বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি চট্টগ্রামের সহ-সভাপতি নুরুল গণি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, র‌্যাব-পুলিশ যে কোনো দোকানে গিয়ে অভিযান চালায়।

“অভিযানকারী দলের সদস্যরা হয়ত ওষুধও চেনেন না। আমাদের সমিতির সভাপতি-সাধারণ সম্পাদক বা প্রতিনিধি অভিযানে থাকার কথা কিন্তু থাকে না। ওষুধ প্রশাসনের প্রতিনিধি থাকলেও তারা নিশ্চুপ থাকেন।”

নুরুল গণি বলেন, “অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দুর্ব্যবহার করেন। এভাবে চলতে পারে না। তাই প্রতিবাদ স্বরূপ আমরা ধর্মঘট পালন করেছি।”

দিনভর ধর্মঘটের পর সন্ধ্যায় পরবর্তি করনীয় ঠিক করতে সমিতির কার্যালয়ে সভায় বসেন নেতারা। তবে রাত ৯টায় পর্যন্ত ধর্মঘট প্রত্যাহারের কোনো সিদ্ধান্ত হয়নি বৈঠক।

নুরুল গণি বলেন, “ওষুধ প্রশাসনের মহাপরিচালক আগামীকাল চট্টগ্রাম আসার কথা রয়েছে। তার সাথে দেখা করে আমরা নিজেদের দাবির কথা জানাব।”