২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাঁশখালীতে ছুরি মেরে যুবক খুন

চট্টগ্রামের বাঁশখালী পৌর এলাকায় এক যুবককে ছুরিকাঘাতে খুন করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2017, 12:54 PM

Updated : 19 Aug 2022, 06:06 PM

নিহত দিদারুল আলম (৩০) বাঁশখালী পৌর সদরের উত্তর জলদি মানিকপাড়া এলাকার নজির আহমদের ছেলে।

মানিকপাড়ার সমবয়সী আব্দুল মালেক শুক্রবার রাতে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে দিদারুলের পিঠে ছুরি মারে বলে স্থানীয়দের বরাতে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১টার দিকে হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় ৪০ মিনিট পর দিদারুল মারা যান।

দিদারুলের প্রতিবেশী নাজিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে আহত অবস্থায় দিদারুল আমাদের কাছে ঘটনার বর্ণনা দিয়েছিল।

“রাত ৯টা সাড়ে ৯টার দিকে মোবাইলে ফোন করে দিদারুলকে বাড়ি থেকে বের হতে বলে মালেক। বের হওয়ার পর কথা তাকে নিয়ে বলতে বলতে কিছুদূর হেঁটে যায়; এক পর্যায়ে মালেক তাকে ছুরি মারে বলে জানায় দিদারুল।”

এ ঘটনার পর বাঁশখালী থেকে তাকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়া হয়।

বাঁশখালী থানার ওসি আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৫ থেকে ২০ দিন আগে একটি বিষয় নিয়ে মালেক ও দিদারুলের মধ্যে কথা কাটাকাটি হয়।

“স্থানীয় মুরুব্বিরা বিষয়টা মিটমাট করিয়ে দেন। কিন্তু মালেকের মনে ক্ষোভ ছিল। তাই সে গতরাতে ডেকে নিয়ে দিদারুলের পিঠে ছুরিকাঘাত করে।”

ঘটনার পর থেকে মালেক পলাতক জানিয়ে ওসি আলমগীর হোসেন বলেন, তাকে ধরতে আমরা অভিযান চালিয়ে যাচ্ছি।