শতবর্ষী ফিশারিঘাট ‘রক্ষায়’ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মাছ বিক্রেতারা
চট্টগ্রামের পাথরঘাটা ইকবাল রোডের শতবর্ষী মাছের আড়ৎ ফিশারিঘাট ‘রক্ষায়’ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন সেখানকার ব্যবসায়ীরা।
বুধবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানায় ফিশারিঘাটের মৎস ব্যবসায়ীদের প্ল্যাটফর্ম ‘সোনালী যান্ত্রিক মৎস্য শিল্প সমবায় সমিতির’ একাংশ।
‘পুরাতন ফিশারিঘাট এলাকা থেকে মৎস্যজীবীদের বিতারণ ষড়যন্ত্র, পুলিশি হামলা ও হয়রানির প্রতিবাদে’ আয়োজিত এ সংবাদ সম্মেলনে মাছের আড়ৎদার ছাড়াও কয়েকশ মৎস্য আহরণকারী প্রেস ক্লাব প্রাঙ্গণে জড়ো হন। এসময় তারা বিক্ষোভ মিছিলও করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সমিতির আহ্বায়ক কমিটির সদস্য জানে আলম বলেন, “তিন বছর আগে সরকারি দলের প্রভাবশালী কিছু নেতার মদদে খাস জমিকে বন্দরের জমি দেখিয়ে এবং উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে ‘নতুন বাজার’ নির্মাণ করা হয়।
“জাতীয় মৎস্যজীবী সমবায় সমিতির চেয়ারম্যান এফএ মাসুক নাজিম এবং সোনালী যান্ত্রিক মৎস্য শিল্প সমবায় সমিতির সভাপতি হাজী মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক আামিনুল হক বাবুল সরকার মিলে মিথ্যা তথ্য দিয়ে ব্যবসায়ীদের নতুন বাজারে নিয়ে যায়।”
জানে আলম বলেন, “নতুন বাজারে দোকান করা হয় ১৮৮টি। অথচ আমাদের সোনালী যান্ত্রিক মৎস্য শিল্প সমিতির সদস্য সংখ্যা মাত্র ৮৪ জন।
“নতুন বাজারে দোকান বরাদ্দের জন্য তারা ৫১ জন ব্যবসায়ীর কাছ থেকে দুই কোটি ৮০ লাখ ২০ হাজার গ্রহণ করে। অন্য দোকানগুলোর প্রতিটির জন্য ২৫-৩০ লাখ টাকা নিয়ে লুটে নেয়।”
নতুন বাজারে তারাও গিয়েছিলাম জানিয়ে জানে আলম অভিযোগ করেন, “কিন্তু সেখানে প্রতি রাতে সন্ত্রাসীরা অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দেয় এবং মাছ ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবি করে।
“সেটা অপিরকল্পিত। সেখানে বরফ, কোল্ড স্টোরেজ কিছু নেই। আদালত পুরান বাজারে মাছ বিক্রির নিষেধাজ্ঞা দিলে আমরা ভোর তিনটা থেকে রাস্তায় বসে মাছ বিক্রি করছি। সকাল ৭টার মধ্যে কাজ শেষ করি। সেখানেও পুলিশ বাধা দিচ্ছে।”
২৬ নভেম্বর সাধারণ সভা করে সমিতির সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক আমিনুল হক বাবুল সরকারের নেতৃত্বাধীন কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি করা হয়েছে বলে জানান জানে আলম।
তিনি বলেন, “পুরনো ফিশারি ঘাট উচ্ছেদ হলে এবং পরে উচ্চ আদালতের নির্দেশে নতুন বাজারও যদি উচ্ছেদ হয়, তাহলে মৎস্য ব্যবসায়ীরা রাস্তায় পড়ে যাবেন।
“তাই মৎস্য জীবীদের শত বছরের ঠিকানা ফিশারী ঘাট রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির আহ্বায়ক শামসুল আলম, আহ্বায়ক কমিটির সদস্য স্বরূপ বিকাশ বড়ুয়া, মো. মহসিন, জাফর সওদাগর, আবদুস শুক্কুর, এম এন ইসলাম ও দিদারুল আলম।
চলতি বছরের ২২ ফেব্রুয়ারি চর চাক্তাই এলাকায় নতুন বাজারে মাছের আড়ত সরিয়ে নেওয়া হয়।
এরপর মার্চের মাঝামাঝি নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী সোনালী যান্ত্রিক মৎস্য শিল্প সমবায় সমিতির ব্যানারে সমাবেশ করে ঘোষণা দিয়ে পুরনো বাজার এলাকায় আবার আড়ৎ চালু করেন।
নতুন মাছ বাজারে ব্যবসায়ীদের সংগঠন ‘জাতীয় মৎস্যজীবী সমবায় সমিতির’ করা মামলার প্রেক্ষিতে ৩০ জুন আদালত পুরনো বাজারে মাছ বিক্রির ওপর নিষেধাজ্ঞা দেয়।
পুরান বাজারের মাছের ব্যবসায়ীরা উচ্চ আদালতে রিট করে এবং আদালতে স্থিতাবস্থা জারির আদেশ পেয়ে গত ২৮ অগাস্ট থেকে আবার ফিশারি ঘাটে বেচাকেনা শুরু করেন।
এরপর জাতীয় মৎস্যজীবী সমবায় সমিতি আপিল করলে চেম্বার জজ হাই কোর্টের দেওয়া স্থিতাবস্থার আদেশ তিন সপ্তাহের জন্য স্থগিত করেন।
গত ১৬ অক্টোবর আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানি করে হাই কোর্টের দেওয়া স্থিতাবস্থা জারির আদেশ বহাল রাখে।
জাতীয় মৎস্যজীবী সমবায় সমিতি লিভ টু আপিল করলে ১৬ নভেম্বর শুনানি শেষে আপিল বিভাগ তাদের আবেদন গ্রহণ করে এবং হাই কোর্টের আদেশ স্থগিত করে।
সবশেষ ১৬ নভেম্বর আপিল বিভাগ শুনানি শেষে আবারও ওই বাজারে মাছ বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেন।
