২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিবির হাতে ইয়াবাসহ এএসআই ধরা

চট্টগ্রামে পুলিশের এএসআইসহ দুজনকে এক হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2017, 09:44 PM

Updated : 19 Aug 2022, 06:04 PM

মঙ্গলবার বিকালে কর্ণফুলী থানার মইজ্জারটেক মোড়ে প্রাইভেটকারে তল্লাশি করে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনোয়ার হোসেন  ও তার সহযোগী মোহাম্মদ উজ্জ্বলকে গ্রেপ্তার করা হয়।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

গ্রেপ্তার আনোয়ার চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের এএসআই হলেও সম্প্রতি নৌ পুলিশে বদলি হয়েছেন বলে জেলা পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন।

আনোয়ার (৩২) ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চন্ডিদার গ্রামের আবুল বাশারের ছেলে। উজ্জ্বল (৩৪)  মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মৃত মজিবুর রহমানের ছেলে।

কর্ণফুলী থানার থানার ওসি সৈয়দুল মোস্তফা জানান, “ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তারের ঘটনায় গোয়েন্দা পুলিশ বাদী হয়ে মাদক আইনে একটি মামলা করেছেন।”  

চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে আসা সাদা রংয়ের একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়।

“চালকের আসনে থাকা আনোয়ারের প্যান্টের পকেট থেকে আটশ এবং সাথে থাকা উজ্জ্বলের কাছ থেকে দুইশ ইয়াবা পাওয়া যায়।”