আইনজীবী খুনের ঘটনায় পরিবারের মামলা
চট্টগ্রামে আইনজীবী ওমর ফারুক বাপ্পী খুনের ঘটনায় মামলা করেছে তার পরিবার।
নগরীর চকবাজার থানায় বাপ্পীর বাবা আলী আহমদ এ মামলা করেন।
চকবাজার থানার ওসি মীর নুরুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলায় সরাসরি কাউকে অভিযুক্ত করা না হলেও রাশেদা বেগম নামে এক নারীকে সন্দেহভাজন আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।
শনিবার সকালে চকবাজারের কেবি আমান আলী রোডের বড় মিয়া মসজিদের ইউ ভবনের নিচতলা থেকে আইনজীবী ওমর ফারুক বাপ্পীর লাশ উদ্ধার করে পুলিশ।
তিনদিন আগে এক নারী তার স্বামীসহ থাকবে জানিয়ে নিচতলার ওই বাসা ভাড়া নিয়েছিল বলে বাড়ির মালিকের বরাত দিয়ে পুলিশ জানায়। শনিবার সকালে বাড়ির দারোয়ান ঘরের ভেতরে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
লাশ উদ্ধারের সময় আইনজীবী বাপ্পীর হাত-পা ও মুখ টেপ দিয়ে মোড়ানো অবস্থায় পাওয়া যায়
বাপ্পী চট্টগ্রাম আদালত ভবনে আইন পেশায় নিয়োজিত ছিলেন। তার বাড়ি কক্সবাজারের চকরিয়ায়।
