জনদুর্ভোগ বয়ে আনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতিবাদ করবই: মহিউদ্দিন
জনদুর্ভোগ বয়ে আনে এমন কাজ কোনো প্রতিষ্ঠান করলে তার বিরুদ্ধে রাজপথে প্রতিবাদ করবেন বলে ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
শনিবার দুপুরে নগরীর লালদীঘি মাঠে চট্টগ্রাম মহানগর যুবলীগের এক অনুষ্ঠানে তিনি বলেন, “জনপ্রতিনিধি হয়ে জনগণ বিরোধী কোনো কাজ করা যাবে না।
“জনস্বার্থ বিরোধী কোনো কাজ কোনো জনপ্রতিনিধি করে থাকলে, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য যুবলীগের নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে।”
মহিউদ্দিন বলেন, “জনগণের দুর্দশা দুর্ভোগ বয়ে আনে এমন কোনো কাজ কোনো প্রতিষ্ঠান করলে তার বিরুদ্ধে আমি প্রতিবাদ করবই। এর জন্য রাজপথে যদি আমার মৃত্যু হয় আমি তার পরোয়া করি না।”
সম্প্রতি বর্ধিত গৃহকর ইস্যুতে পরষ্পর বিরোধী অবস্থানে আছেন নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।
সিটি মেয়র আ জ ম নাছির স্থাপনার ভাড়ার ভিত্তিতে পুনর্মূল্যায়নকৃত গৃহকর আদায়ে নিজের অনড় অবস্থানের কথা জানিয়ে দিয়েছেন। অন্যদিকে মহিউদ্দিন চান আগের নিয়মে আয়তনের ভিত্তিতে ধার্যকৃত হারে গৃহকর আদায়।
এছাড়া উন্নয়ন কর্মকাণ্ডে জনভোগান্তি লাঘব ও সমন্বয় সাধন, গ্যাস-বিদ্যুৎ সঙ্কট, পানি সরবরাহ বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে ছয়টি সরকারি সেবা সংস্থাকে গত মাসে মহিউদ্দিনের সাক্ষরিত চিঠি দিয়েছে নগর আওয়ামী লীগ।
সমাবেশে যুবলীগ নেতাকর্মীদের উদ্দেশে মহিউদ্দিন বলেন, “যুবলীগের প্রত্যেক নেতাকর্মীকে জনগণের সুখ-দুঃখের অংশীদার হতে হবে। প্রতিষ্ঠাকাল থেকে যুবলীগ নেতাকর্মীরা দেশ ও জাতির উন্নয়নে এবং সমাজ বিনির্মাণে কাজ করে গেছেন।”
পঁচাত্তর পরবর্তী আন্দোলন-সংগ্রাম, নব্বইয়ের গণঅভ্যুত্থানসহ এক-এগারোর সময় দেশের রাজনীতিতে যুবলীগের ভূমিকা অনস্বীকার্য মন্তব্য করে আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন বলেন, “দেশব্যাপী পেট্রোল বোমা ও জ্বালাও-পোড়াও রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদের দেয়াল তুলেছিল যুবলীগ নেতাকর্মীরা।
“ধর্মের নামে হেফাজতের আন্দোলনকেও সারা বাংলাদেশে প্রতিহত করেছিল যুবলীগের নেতাকর্মীরা। যুবলীগ নেতাকর্মীদের সততার সাথে কাজ করে যেতে হবে।”
নগর যুবলীগ আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চুর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন দক্ষিণ জেলা যুবলীগ সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরী, নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ, দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পার্থ সারথী চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগ নেতা আবদুল্লাহ আল মামুন চৌধুরী, বিজেএমইএ এর পরিচালক সৈয়দ নজরুল ইসলাম।
যুব সমাবেশ শেষে লালদীঘি মাঠ থেকে শুরু হওয়া আনন্দ র্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
প্রতিষ্ঠাবার্ষিকীতে দিনের কর্মসূচি হিসেবে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে মাল্যদান করে যুবলীগ নেতাকর্মীরা।
