চট্টগ্রামে গ্যাস নেওয়ার সময় আগুনে পুড়েছে অটোরিকশা
চট্টগ্রামে গ্যাস নেওয়ার সময় আগুন লেগে একটি অটোরিকশায় পুড়ে গেছে।
শুক্রবার দুপুরে বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন মোড়ের অদূরে জালালাবাদ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস জানায়।
বায়েজিদ বোস্তামী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে জালালাবাদ ফিলিং স্টেশনে একটি অটোরিকশা গ্যাস নিচ্ছিল। এসময় হঠাৎ সেটিতে আগুন লেগে যায়।
“তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।”
ফায়ার সার্ভিস কর্মকর্তা এনামুল জানান, আগুনে অটোরিকশাটি পুড়ে গেছে। ফায়ার সার্ভিস কর্মীরা এসে তৎক্ষণাৎ আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
কী কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে বের করা যায়নি জানিয়ে তিনি বলেন, বিষয়টি নিয়ে ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করছে।
