স্বদেশী খুনে গ্রেপ্তার ভারতীয় ছাত্র মানসিকভাবে সুস্থ: চিকিৎসক
চট্টগ্রামে ভারতীয় শিক্ষার্থী খুনের ঘটনায় গ্রেপ্তার তার স্বদেশী সহপাঠী উইনসন সিং মানসিকভাবে সুস্থ বলে জানিয়েছে বিশেষজ্ঞ চিকিৎসক দল।
হত্যাকাণ্ডের পর দুই দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে উইনসং সিং তার কিছু মনে নেই বলে দাবি করায় বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে তাকে পরীক্ষা করাতে আদালতে আবেদন করেছিল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআই পরিদর্শক সন্তোষ কুমার চাকমা বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালতের নির্দেশে গঠিত মেডিকেল বোর্ড তাদের প্রতিবেদনে বলেছে, উইনসং সিং মানসিকভাবে পুরোপুরি সুস্থ। তাকে শুধু কিছু জিজ্ঞাসাবাদ করলেই সে ভুলে যাওয়ার কথা বলছে।”
চিকিৎসকদের প্রতিবেদন হাতে পেয়ে উইনসং সিংকে জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার আবারও পাঁচ দিনের হেফাজতে চেয়ে আবেদন করেছে পিবিআই।
চট্টগ্রাম মহানগর হাকিম আলী ইমরান খান আগামী রোববার ওই আবেদনের শুনানির দিন ঠিক করেছেন।
নিহত মোহাম্মদ আতিফ শেখ (২৬)
ধারাল অস্ত্রের আঘাতে আহত আতিফ মারা যান। উইনসন ফাঁসিতে ঝুলে আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে সহপাঠীর বরাত দিয়ে পুলিশ জানিয়েছিল।
খুনের ঘটনায় তিন দিন পর আতিফের বাবা আব্দুল খালেক বাদী হয়ে আকবর শাহ থানায় মামলা করেন। তাতে সুনির্দিষ্ট কাউকে আসামি না করলেও আটজনকে সন্দেহের তালিকায় রাখেন তিনি।
এরপর পুলিশ ভারতীয় আরেক ছাত্র নিরাজ গুরুকে গ্রেপ্তার করে। আদালতে দেওয়া জবানবন্দিতে নিরাজ ঘটনা সম্পর্কে কিছুই জানেন না এবং রক্তাক্ত অবস্থায় আতিফকে ও আহতাবস্থায় উইনসন সিংকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা জানান।
উইনসনকে পরে হত্যামামলায় গ্রেপ্তার দেখায় পিবিআই।
তদন্ত কর্মকর্তা সন্তোষ চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনার পারিপার্শ্বিকতা বিচার করে উইনসই আমাদের কাছে প্রধান সন্দেহভাজন। কিন্তু সে ‘কিছুই মনে নেই’ বলে অজুহাত তৈরি করছে।”
উইনসন তদন্ত কর্মকর্তাদের কাছে হত্যাকাণ্ডের দিন বাসায় বন্ধুরা মিলে মদ খাওয়ার পর লিংকিন পর্কের ‘হেভি’ গানটি গিটারে সুর তুলে শোনানোর কথা জানিয়েছেন। আর কিছু বলছেন না তিনি।
