২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়া ‘পলিটিক্যালি ব্লাইন্ড’: নাসিম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ‘রাজনৈতিকভাবে অন্ধ’ বলেই রোহিঙ্গা সঙ্কটের সমাধানে সরকারের নেওয়া উদ্যেগ ‘দেখতে পান না’ বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2017, 04:30 PM

Updated : 11 Oct 2022, 02:42 PM

রোববার চট্টগ্রাম সার্কিট হাউজে চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সঙ্গে এক আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন।

নাসিম বলেন, ইউরোপের ধনী দেশগুলো এক লাখ শরণার্থীকে আশ্রয় দিতে ভয় পেয়েছে। সেখানে বাংলাদেশ লাখ লাখ মানুষকে আশ্রয় দিয়েছে।

খালেদা জিয়ার দিকে ইংগিত করে তিনি বলেন, “একজন অন্ধ নেত্রী, উনার বক্তব্য শুনে অবাক হয়ে যাই। আমি বিস্মিত হই। ১৫ মিনিটের জন্য কক্সবাজার গিয়ে উনি সব করে ফেলেছেন। মিথ্যা কথার তো একটা সীমা আছে, উনি সব সীমা ছাড়িয়ে গেছেন। উনি লাগাতার মিথ্যা বলে চলেছেন।”

আগামী নির্বাচনে জনগণ ‘এর জবাব দেবে’ বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ নেতা নাসিম। 

রোহিঙ্গাদের খাদ্য, বাসস্থান ও স্বাস্থ্যসেবায় গৃহীত পদক্ষেপ তুলে ধরে মন্ত্রী বলেন, “সমগ্র দুনিয়া প্রশংসা করেছে। অসুস্থ অবস্থায়ও প্রধানমন্ত্রী নিয়মিত খবর নিচ্ছেন। অবশ্যই রোহিঙ্গাদের ফেরত পাঠাতে পারব।”

মিয়ানমারের নেত্রী অং সান সু চি মুখে যাই বলুক না কেন, নিজের দেশের নাগরিকদের তার ফিরিয়ে নিতেই হবে বলে মনে করেন নাসিম। 

“এ বিষয়ে সারা দুনিয়া জেগে উঠেছে শেখ হাসিনার কার্যক্রমের কারণে। অবশ্যই দ্রুত তাদের ব্যবস্থা নিতে হবে।”

এ সমস্যার সমাধানে সরকার কূটনৈতিকভাবে সফল দাবি করে তিনি বলেন, “শুধু উনি দেখেন না। দেখবেন কি করে, উনি তো পলিটিক্যালি ব্লাইন্ড। এজন্য উনার চিকিৎসা করানো উচিত।

"সবচেয়ে আশ্চর্য্যের ব্যাপার… তিনি বললেন- আমরা না কি কিছুই করিনি। কয়েক মিনিটের জন্য তিনি কক্সবাজার গেলেন। দামি গাড়ির যেন শো দেখলাম আমরা। শত শত গাড়ি। মানবিক মূল্যবোধ থাকলে তিনি সরাসরি কক্সবাজার গিয়ে সাহায্য করতে পারতেন।"

বিএনপি নেতাদের উদ্দেশ্যে নাসিম বলেন, যে তেল খরচ করে তারা সেখানে গেলেন সেটা তারা ত্রাণ হিসেবেও দিতে পারতেন।

“নিজেরাই বক্তৃতায় বলেন সামনে নির্বাচন… মানে ত্রাণ গৌণ, স্ট্যান্টবাজি মুখ্য। এটা দায়িত্বশীলতার পরিচয় না।”

রোহিঙ্গাদের জন্য সরকার যে সহায়তার উদ্যেগ নিয়েছে তা ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রশংসা পেয়েছে বলেও মন্তব্য করেন নাসিম।

চট্টগ্রামের সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দীকিসহ বিভাগের বিভিন্ন জেলার স্বাস্থ্য কর্মকর্তারা এ সভায় উপস্থিত ছিলেন।