চট্টগ্রামে সাড়ে ১৪ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৫
নগরীর পাহাড়তলি থানার সরাইপাড়া কাজীরদীঘি এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ১৪ হাজার ইয়াবাসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শুক্রবার দুপুরে চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের উপ পরিচালক শামীম আহম্মেদেরে নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তার পাঁচজন হলেন- আবু সৈয়দ (৫৫), আলী হোসেন (৪৫), গিয়াস উদ্দিন (২৬), নুরুল ইসলাম (২৮) ও আবুল কাশেম (৪০)।
মেট্রো উপ-অঞ্চলের উপ পরিচালক শামীম আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ‘ছদ্মবেশে’ অভিযান চালিয়ে তারা কাজীরদীঘি এলাকার জাফর আহমেদের ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাট থেকে ওই পাঁচজনকে গ্রেপ্তার করেন।
“তাদের কাছ থেকে সাড়ে ১৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এরা মাদক ব্যবসার একটি সিন্ডিকেট হিসেবে কাজ করে। চক্রটি দীর্ঘদিন ধরে ওই এলাকাসহ বিভিন্ন স্থানে ইয়াবা পাচারে কাজ করছিল।”
অধিদপ্তরের কোতোয়ালি সার্কেলের পরিদর্শক এস এম শামসুল কবীর এ ঘটনায় নগরীর পাহাড়তলী থানায় একটি মামলা করেছেন।
