মাজার লুটের মামলায় সাক্ষ্যগ্রহণ পিছিয়ে ২৩ এপ্রিল
চট্টগ্রামের আনোয়ারায় তালসরা দরবার শরিফের টাকা লুটের মামলায় সাক্ষ্যগ্রহণ দ্বিতীয় দফায় পিছিয়েছে।
বৃহস্পতিবার চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ নূর এ আলম আদালত আগামী ব্ছরের ২৩ এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন রেখেছেন।
এর আগে গত ২৩ অক্টোবর আদালতে সাক্ষ্যগ্রহণ শুরুর দিন থাকলেও তা হয়নি।
বাদীর আইনজীবী সাহাবুদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসামি জুলফিকার আলী মজুমদারের করা আবেদনের প্রেক্ষিতে হাই কোর্ট ছয় মাসের জন্য মামলার কার্যক্রম স্থগিত করেছেন।
“উচ্চ আদালতের আদেশের বিষয়টি আজ শুনানির দিনে আসামি পক্ষে আদালতকে অবহিত করা হয়। এরপর আদালত শুনানি না করে ছয় মাস পরের সময় পরবর্তী শুনানির জন্য নির্ধারণ করেছেন।”
গত ১২ সেপ্টেম্বর এ মামলায় সাবেক চার র্যাব সদস্যসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ওইদিন অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আসামি জুলফিকার আলী মজুমদারের করা আবেদন নামঞ্জুর করেছিলেন আদালত।
এরপর ওই অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে ১৫ অক্টোবর উচ্চ আদালতে আবেদন করেন জুলফিকার আলী মজুমদার।
ওই আবেদনের বিষয়ে গত ২৪ অক্টোবর শুনানি শেষে হাই কোর্টের রেজাউল হক ও খুরশীদ আলম সরকারের বেঞ্চ মামলার কার্যক্রমে ছয় মাসের স্থগিতাদেশ দেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান আসামিদের আইনজীবী রফিকুল আহ্সান।
এ মামলায় যাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে তারা হলেন- র্যাব-৭ এর তৎকালীন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (চাকরিচ্যুত) জুলফিকার আলী মজুমদার, ফ্লাইট লেফটেন্যান্ট (বাধ্যতামূলক ছুটিতে) শেখ মাহমুদুল হাসান, র্যাব-৭ এর সাবেক ডিএডি আবুল বাশার, এসআই তরুণ কুমার বসু, র্যাবের তিন সোর্স দিদারুল আলম ওরফে দিদার, আনোয়ার মিয়া ও মানব বড়ুয়া।
সাত আসামিই জামিনে আছেন।
তালসরা দরবারে ২০১১ সালের ৪ নভেম্বর রাতে র্যাব সদস্যরা গিয়ে তল্লাশির নামে ২ কোটি ৭ হাজার টাকা লুট করেন বলে অভিযোগ। ঘটনার পাঁচ মাস পর ২০১২ সালের ১৩ মার্চ আনোয়ারা থানায় র্যাব সদস্যসহ ১২ জনেরর বিরুদ্ধে ওই মামলা হয়।
২০১২ সালের মে মাসের প্রথম সপ্তাহে ঢাকার মগবাজার থেকে গ্রেপ্তার হন জুলফিকার। তবে ২১ জুন উচ্চ আদালত থেকে জামিন নিয়ে মুক্ত হন তিনি।
এরপর ২০১২ সালের ২৬ জুলাই জুলফিকারসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা আনোয়ারা থানার পরিদর্শক (তদন্ত) আবদুস সামাদ।
মামলা বাতিল চেয়ে দুই আসামির করা আবেদন বাতিল হলে সংশ্লিষ্ট জিআরও শাখায় প্রায় চার বছর আগে জমা পড়া অভিযোগপত্রটি আদালতের নির্দেশে বিচারিক আদালতে আসে।
