২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডের জেলেপাড়ায় চিকুনগুনিয়া

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের মদনহাট জেলেপাড়ায় ৯৫ জন বাসিন্দা চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন বলে ধারণা করছেন চিকিৎসকরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2017, 09:35 PM

Updated : 12 Apr 2022, 12:38 AM

মঙ্গলবার বিকালে একসঙ্গে অনেকের জ্বরে আক্রান্ত হওয়ার খবর জানতে পারেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।

বুধবার ঘটনাস্থল পরিদর্শন করে চট্টগ্রামের সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দক্ষিণ সোনাইছড়ির মদনহাট জেলেপাড়ার দক্ষিণ পাড়ায় ৭৫ জন এবং উত্তর পাড়ায় ২০ জন চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন বলে লক্ষণ দেখে ধারণা করা হচ্ছে।

“এছাড়া সর্দি কাশিতে আক্রান্ত মানুষও আছে। যাদের জ্বর আছে তাদের অনেকের গায়ে ব্যথা এবং কারও কারও অস্থিসন্ধি ফোলা দেখা গেছে।”

বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে জানিয়েছেন সিভিল সার্জন আজিজুর রহমান।

সোনাইছড়ি ইউনিয়নের দক্ষিণ সোনাইছড়ির মদনহাট জেলেপাড়াটি সাগর তীরে অবস্থিত।

এখানকার বাসিন্দাদের জীবিকার উৎস মূলত সাগরে মাছ ধরা। উত্তর জেলে পাড়ায় ৯০টি এবং দক্ষিণ জেলে পাড়ায় ১৮৫টি পরিবারের বাস। দুই পাড়া মিলিয়ে মোট বাসিন্দার সংখ্যা দেড় হাজারের মতো।

সিভিল সার্জন আজিজুর রহমান বলেন, আট সদস্যের একটি মেডিকেল টিম ওই জেলেপাড়ায় কাজ শুরু করেছে।

“ম্যালেরিয়া প্রজেক্টের আওতায় ৯৫ জনকে মশারি বিতরণ করা হয়েছে। ঢাকা থেকে চিকিৎসকদের একটি দল বৃহস্পতিবার এসে পৌঁছাবে।”

তিনি বলেন, তারা রক্তের নমুনা সংগ্রহ করবেন। পরীক্ষার পরই চিকুনগুনিয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এজন্য কয়েকদিন সময় লাগবে।

এদিকে বুধবার ওই এলাকায় মাইকিং করে মশা থেকে নিরাপদে থাকতে জেলেপাড়ার বাসিন্দাদের সর্তক করা হয়েছে।

স্বাস্থ্য বিষয়ক সচেতনতা বাড়াতে ১৫ সদস্যের একটি টিম গঠন করা হয়েছে যারা বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের সচেতন থাকার বিষয়ে জানাবে।

সিভিল সার্জন বলেন, মশার কারণে চিকুনগুনিয়া ছড়ায় বলে মশার কামড় থেকে দূরে থাকাই এখন জরুরি।

“জেলেপাড়ার বাসিন্দাদের মশারি ব্যবহারে উদ্বুদ্ধ করা এবং মশার বিস্তার রোধে ব্যবস্থা গ্রহণে কাজ শুরু হয়েছে। মশক নিধনের কাজও দ্রুত শুরু হবে।”

চলতি বছরের ১২ জুলাই সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের ত্রিপুরা পাড়ায় হামে আক্রান্ত হয়ে ১০ শিশু মারা যায়।

শিশুদের মৃত্যুর পর কয়েক দশক ধরে ওই ত্রিপুরা পাড়ার বাসিন্দারা টিকা বঞ্চিত ছিল বলে জানা যায়।

পুরনো খবর:

টিকার বাইরে ছিল সীতাকুণ্ডের গোত্রটি, শিশুদের মৃত্যু ‘হামে’