চুয়েটে ভর্তি পরীক্ষায় অনুপস্থিত ২৮৭০
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন পাঁচ হাজার ৬৬৩ জন শিক্ষার্থী।
এবারের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিত হয়েছিলেন আট হাজার ৫৩৩ জন ভর্তিচ্ছু। সে হিসেবে ভর্তি পরীক্ষায় অংশ নেননি দুই হাজার ৮৭০ জন। পরীক্ষায় অংশগ্রহণের হার ৬৬ দশমিক ৩৬ শতাংশ।
বুধবার সকাল ১০টায় চুয়েট এর ‘ক’ বিভাগের পরীক্ষা শুরু হয়ে চলে বেলা ১টা পর্যন্ত। এরপর বেলা আড়াইটা থেকে সাড়ে চারটা পর্যন্ত ‘খ’ বিভাগের মুক্তহস্ত অংকন পরীক্ষা হয়।
চুয়েট উপাচার্য ড. মোহাম্মদ রফিকুল আলম বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। এসময় সঙ্গে ছিলেন ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী।
রেজিস্ট্রার ফারুক-উজ-জামান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শান্তিপূর্ণভাবে পরীক্ষা হয়েছে।
পরীক্ষায় এত বেশি সংখ্যক শিক্ষার্থী অংশ না নেওয়ার বিষয়ে চুয়েটের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, অন্যান্য বছর চুয়েটের আগে শুধু বুয়েটে ভর্তি পরীক্ষা হয়।
“এবার বুয়েট ও কুয়েটের পরীক্ষা ইতিমধ্যে হয়ে গেছে। তাদের ফলও প্রকাশিত হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম-কাপ্তাই সড়কের অবস্থাও বেহাল। তাই যারা অন্য কোথাও ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা হয়ত আর এখানে পরীক্ষা দিতে আসেননি,” বলেন তিনি।
এবার বিশ্ববিদ্যালয়ের ১০টি বিভাগের ৭১১টি আসনে ভর্তি নেওয়া হবে।
