২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভর্তি পরীক্ষায় জালিয়াতি: দুইজনকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার দুই শিক্ষার্থীকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2017, 07:08 PM

Updated : 12 Apr 2022, 12:37 AM

রোববার চট্টগ্রামের মহানগর হাকিম শফি উদ্দিনের আদালতে রিমান্ড শুনানির আবেদন শেষে আদালত এ নির্দেশ দেন।

চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমাণ্ডের আবেদন করা হয়েছিল।

“শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করে দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন।”

গ্রেপ্তার দুই শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র নাজমুল কবির এবং মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইসতিয়াক আহমেদ সৌরভ।

ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে গত বুধবার ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র নাজমুলকে গ্রেপ্তার করে পুলিশ।

পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বৃহস্পতিবার পাঁচলাইশ বড় গ্যারেজ এলাকা থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিলুপ্ত কমিটির যুগ্ম সম্পাদক সৌরভকে গ্রেপ্তার করা হয়।

তাদের কাছ থেকে পুলিশ কয়েকটি ইলেকট্রনিক ডিভাইস জব্দ করেছে, যেগুলো ব্যবহার করে বাইরে থেকে পরীক্ষার হলে যোগাযোগ করে উত্তর বলে দেওয়া যায়।

পুলিশ বলছে, সৌরভ ও নাজমুল একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। তারা শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নয়, দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতেও জালিয়াতিতে জড়িত।

সৌরভ ও নাজমুলের বিরুদ্ধে ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা আইনে নগরীর বায়েজিদ থানায় একটি মামলা হয়েছে।

পুরনো খবর:

‘জালিয়াত’ ছাত্রলীগ নেতাকে চবি থেকে বহিষ্কার