২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘জালিয়াত’ ছাত্রলীগ নেতাকে চবি থেকে বহিষ্কার

ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা ইসতিয়াক আহমেদ সৌরভসহ দুইজনকে বহিষ্কার করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2017, 07:15 PM

Updated : 19 Aug 2022, 05:51 PM

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সৌরভ ও তার সঙ্গে গ্রেপ্তার নাজমুল কবিরকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

“কেন তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা জানতে চেয়ে কারণ দর্শাও নোটিস দেয়া হবে তাদের। নোর্টিসের সদুত্তর দিতে না পারলে তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।”

ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে গত বুধবার ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র নাজমুলকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বৃহস্পতিবার পাঁচলাইশ বড় গ্যারেজ এলাকা থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিলুপ্ত কমিটির যুগ্ম সম্পাদক সৌরভকে গ্রেপ্তার করা হয়।

সৌরভ মার্কেটিং চতুর্থ বর্ষ এবং নাজমুল ইংরেজি দ্বিতীয় বর্ষের ছাত্র। তাদের কাছ থেকে পুলিশ কয়েকটি ইলেকট্রনিক ডিভাইস জব্দ করেছে, যেগুলো ব্যবহার করে বাইরে থেকে পরীক্ষার হলে যোগাযোগ করে উত্তর বলে দেওয়া যায়।

পুলিশ বলছে, সৌরভ ও নাজমুল একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। তারা শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নয়, দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতেও জালিয়াতিতে জড়িত।

সৌরভ ও নাজমুলের বিরুদ্ধে ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা আইনে দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা বায়েজিদ বোস্তামি থানার এসআই আবসার উদ্দিন রুবেল জানান, ওই চক্রে জড়িত অন্যদের বিষয়ে তথ্য পাওয়ার জন্য গ্রেপ্তার দুজনকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেছেন তারা।

পুরনো খবর:

চট্টগ্রামে ভর্তি পরীক্ষায় ‘জালিয়াতিতে’ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ‘জালিয়াত’ চট্টগ্রামেও