২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ভর্তি পরীক্ষায় ‘জালিয়াতিতে’ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ‘জালিয়াত চক্রের’ সদস্য সন্দেহে ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2017, 12:17 AM

Updated : 19 Aug 2022, 05:51 PM

গ্রেপ্তার ইসতিয়াক আহমেদ সৌরভ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিলুপ্ত কমিটিতে যুগ্ম সম্পাদক ছিলেন তিনি।

বৃহস্পতিবার পাঁচলাইশ বড় গ্যারেজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নগর পুলিশের সহকারী কমিশনার (পাঁচলাইশ জোন) এসএম মোবাশ্বের হোসেন জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভর্তি পরীক্ষায় জালিয়াতিতে জড়িত অভিযোগে গত বুধবার আটক নাজমুল কবিরের দেওয়া তথ্যের ভিত্তিতে সৌরভকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছেও দুটি ইলেকট্রনিক ডিভাইস পাওয়া গেছে।

“এটি একটি সংঘবদ্ধ চক্র। এ চক্রের আরও সদস্য রয়েছে। তারা শুধু চট্টগ্রাম

বিশ্ববিদ্যালয় নয়, দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের সাথে জড়িত।"

চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান চলছে জানিয়ে পুলিশ কর্মকর্তা মোবাশ্বের বলেন, তাদের গ্রেপ্তারের পর বিস্তারিত জানানো হবে।

গত ২০ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটে ভর্তি পরীক্ষার আগের রাতে ভর্তি পরীক্ষায় জালিয়াতিতে ব্যবহৃত ইলেকট্রনিক ডিভাইসসহ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মহিউদ্দিন রানাসহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে পরীক্ষার কেন্দ্র থেকে এক ভর্তিচ্ছুকে গ্রেপ্তার করা হয়।