চবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অনুপস্থিত ১৭২৪ জন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।
বৃহস্পতিবার ‘গ’ ইউনিটের (ব্যবসায় প্রশাসন অনুষদ) ভর্তি পরীক্ষা হয়।
পরীক্ষায় এক হাজার ৭২৪ জন অনুপস্থিত ছিলেন বলে জানিয়েছেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. এএফএম আওরঙ্গজেব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “পরীক্ষায় মোট ১২ হাজার ৫৮৬ জন অংশ নিয়েছেন। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। বিশৃঙ্খলা বা অসদুপায়ের চেষ্টা করেননি কোনো শিক্ষার্থী।”
আগের বছরগুলো ১০টি ইউনিটের অধীনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলেও এবছর থেকে চার ইউনিটে অনুষ্ঠিত হচ্ছে ভর্তি পরীক্ষা।
বিশ্ববিদ্যালয়ের বাইরে আরও ১২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হলেও বৃহস্পতিবার পরীক্ষার্থী সংখ্যা কম থাকায় ক্যাম্পাসেই পরীক্ষার আসন বিন্যাস করা হয়েছে।
শুক্রবার অনুষ্ঠিত হবে ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ।
এ ইউনিটে এক হাজার ১৮১ আসনের বিপরীতে প্রায় ৩৯ হাজার জন আবেদন করেছেন।
