চবিতে ভর্তি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, কড়া নিরাপত্তা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্মাতকে ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার। ভর্তি পরীক্ষার সব প্রস্তৃতি সম্পন্নের পাশাপাশি নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।
এদিন হবে ‘গ’ ইউনিটের (ব্যবসায় প্রশাসন অনুষদ) ভর্তি পরীক্ষা। পরীক্ষা কার্যক্রম চলবে ২৯ অক্টোবর পর্যন্ত।
বাণিজ্য অনুষদে এবছর ভর্তির জন্য ৪৪৮ আসনের বিপরীতে মোট ১৪ হাজার ৩১০ জন শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অন্যান্য বছর ১০টি ইউনিটে ভর্তি পরীক্ষা হলেও এবছর হবে চারটি ইউনিটে।
ইতোমধ্যে ভর্তি পরীক্ষার সব প্রস্তুতি বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্পন্ন করেছে উল্লেখ করে তিনি বলেন, “এবছর ক্যাম্পাসের বাইরে আরও ১২টি কেন্দ্রে পরীক্ষা হবে।”
এদিকে পরীক্ষার সময় ক্যাম্পসে ভ্রাম্যমাণ আদালতও থাকবে বলে জানিয়েছেন প্রক্টর আলী আজগর।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবছর চার হাজার ৯২৪ আসনের বিপরীতে এক লাখ ২৫ হাজার ৯৯৫ জন শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছে, যা গত বছরের চেয়ে প্রায় এক লাখ ২৫ হাজার কম।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরেও শহরের বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হলেও বৃহস্পতিবারের পরীক্ষা শুধু ক্যাম্পসেই অনুষ্ঠিত হবে।
সব পরীক্ষা সকাল ১০টা থেকে অনুষ্ঠিত হবে। এজন্য বিশ্ববিদ্যালয় শাটল ট্রেনের সূচিতেও পরিবর্তন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এছাড়াও রাস্তায় যানজট নিরসন ও ক্যম্পাসের নিরাপত্তায় পুলিশের পক্ষ থেকেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) রেজাউল মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিক্ষার্থীদের ক্যাম্পাসে যাতায়াত নির্বিঘ্ন করতে নগরীর অক্সিজেন মোড় থেকে ফটিকছড়ি উপজেলা পর্যন্ত মোট ১৯টি পয়েন্টে প্রায় ১০০ জন ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে।
ক্যাম্পাসে প্রায় সাড়ে ৬০০ পুলিশ মোতায়েনের কথা জানিয়েছে জেলা পুলিশ।
পুলিশ কর্মকর্তা রেজাউল মাসুদ বলেন, ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে বিভিন্ন জেলা থেকে অতিরিক্ত পুলিশ আনা হয়েছে। ইতোমধ্যে তারা ক্যাম্পাসে অবস্থান নিয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে ক্যাম্পাসের ৩৪টি স্পটে পুলিশ মোতায়েনের পাশাপাশি চেকপোস্টও বসানোর কথা জানান তিনি।
