গৃহকর নিয়ে আপিলের বিকল্প নেই: নাছির
বর্ধিত গৃহকর নিয়ে নগরবাসীর অভিযোগ নিষ্পত্তিতে আপিল করার পরামর্শ দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) মেয়র আ জ ম নাছির উদ্দিন।
বুধবার দুপুরে আন্দরকিল্লাস্থ নগর ভবনে এক সংবাদ সম্মেলনে নিজের গৃহকরের বর্তমান হার নিয়ে অনড় অবস্থানের কথা জানান তিনি।
বর্ধিত গৃহকরের বিরুদ্ধে সাবেক দুই মেয়রের চিঠি, করদাতা সুরক্ষা পরিষদের আন্দোলন এবং বিভিন্ন রাজনৈতিক দলের অবস্থানের মধ্যে নিজের বক্তব্য জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন মেয়র নাছির।
গৃহকর নিয়ে ‘উদ্দেশ্যেপ্রণোদিত ভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে’ অভিযোগ করে নাছির বলেন, কর পুনর্মূল্যায়ন আমি প্রথম করছি এমন নয়। ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্তও হয়েছিল।
“সিটি করপোরেশন কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়। নাগরিকদের করের ওপর বহুলাংশে নির্ভর করে। আর্থিক সক্ষমতা থাকলেই এই প্রতিষ্ঠান কাজ করতে পারবে। ভঙ্গুর হলে পারবে না।”
গৃহকর নিয়ে আপত্তি নিষ্পত্তিতে আপিলের কোনো বিকল্প নেই জানিয়ে মেয়র বলেন, “রিভিউ বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত। দৃঢ় বিশ্বাস, রিভিউ বোর্ডের সিদ্ধান্তে সকলেই খুশি হবেন। ভাড়ার ভিত্তিতে গৃহকর নির্ধারণের বিকল্প কিছু করার ক্ষমতা আমার নেই।”
নগরবাসীকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে এবং সিটি করপোরেশনের প্রাপ্য কর পরিশোধে ‘ইতিবাচক’ মানসিকতা সৃষ্টির আহ্বান জানান মেয়র।
২৭ শতাংশ নয় ১৭ শতাংশ নিচ্ছি
সিটি করপোরেশন কর তফসিল ২০১৬ অনুসারে সর্বোচ্চ ২৭ শতাংশ কর নেওয়ার সুযোগ থাকলেও নগরবাসীর ‘সুবিধার্থে’ ১৭ শতাংশ কর আদায়ের সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করেন মেয়র।
পাশাপাশি তথ্য উপাত্ত তুলে ধরে সিসিসির বিপুল ব্যয়ে বেসরকারি খাতের (নগরবাসীর) পরিশোধিত করের পরিমাণ কতটুকু সেই প্রশ্নও তোলেন নাছির।
তিনি বলেন, সিটি করপোরেশন কর তফসিল ২০১৬ অনুসারে ইমারত ও জমির কর ৭ শতাংশ, আবর্জনা নিষ্কাশন ৭ শতাংশ, সড়ক বাতি ৫ শতাংশ ও স্বাস্থ্যকর ৮ শতাংশ মিলিয়ে মোট ২৭ শতাংশ কর নেওয়ার বিধান আছে।
“যেখানে ২৭ শতাংশ নেওয়ার কথা নগরবাসীর সুবিধার্থে সেখানে আগের মতো ১৭ শতাংশ নিচ্ছি। এটাও যেভাবে গণমাধ্যমে হাইলাইট করা উচিত ছিল সেভাবে হয়নি। আইন নিয়ে কেউ প্রশ্ন উত্থাপন করলে বা সংশোধনের প্রত্যাশা করলে সে সুযোগ কি আমার আছে?”
নাছির বলেন, প্রাথমিক পুনর্মূল্যায়নে সর্বমোট এক লাখ ৮৫ হাজার ২৪৮টি হোল্ডিংয়ের বিপরীতে প্রস্তাবিত গৃহকর দাবি ৮৫১ কোটি ৩০ লাখ টাকা। এর মধ্যে নতুন ২৮ হাজার ৭০২ হোল্ডিংয়ের বিপরীতে গৃহকর দাবি ৪৭ কোটি ৪৯ লাখ টাকা।
“নতুন হোল্ডিং বাদে দাবির পরিমাণ হয় ৮০৪ কোটি টাকা। আগের মূল্যায়নে দাবি ছিল ২০০ কোটি ৬৯ লাখ টাকা। তাহলে কর দাবির পরিমাণ চার গুণ বেড়েছে। সেটাও প্রাথমিক, চূড়ান্ত নয়। আপিলে চূড়ান্ত হবে।”
সাবেক দুই মেয়রের চিঠির প্রতি ইঙ্গিত করে নাছির বলেন, অথচ ঢালাওভাবে ২০, ৪০, ৬০ এমনকি শতগুণ বা তারও বেশি বেড়েছে বলে চিঠি এসেছে।
১৯৯৪-২০১৫ সাল পর্যন্ত সিসিসি কর্তৃক ধার্য করের মাত্র ২১ দশমিক ১৫ ভাগ এবং গত দুই বছরে দাবির সাড়ে ৩১ শতাংশ আদায় হয়েছে বলে জানান মেয়র।
২০১৬-১৭ অর্থ বছরে সিসিসি’র পরিচালনা ও উন্নয়ন খাতে ৪৫৩ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ের মধ্যে মাত্র ২৩ কোটি ৭০ লাখ টাকা বেসরকারি করদাতাদের অবদান এবং সরকারি বরাদ্দ মাত্র ৪০ কোটি ৭১ লাখ টাকা বলে জানান নাছির।
এগুলো দিয়ে আ. লীগের ভোট ঠিক হয় না
গৃহকর বৃদ্ধির নেতিবাচক প্রভাব আগামী জাতীয় নির্বাচনে পড়তে পারে এমন অভিযোগের বিষয়ে নাছির বলেন, এগুলো দিয়ে আওয়ামী লীগের ভোট হয় না। জনগণ এত বোকা না।
“খোলাবাজারে চালের দাম বেড়েছে। বিদ্যুৎ, গ্যাস, পানির বিল কি বাড়ছে না? দারিদ্র্য কমেছে। মানুষের সক্ষমতা বেড়েছে। সরকার ও মন্ত্রণালয় কি কম বুঝে? মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নিয়েই গৃহকর কার্যক্রম পরিচালিত হচ্ছে।”
তিনি বলেন, আমিও আওয়ামী লীগ করি। দলের প্রতি দায়বদ্ধতা আমারও কম না।
সাবেক দুই মেয়রের চিঠির জবাব দেবেন জানিয়ে নাছির বলেন, একেক জনের চিঠির বিষয়বস্তু ভিন্ন। সাবেক দুই মেয়রসহ যারাই চিঠি দিয়েছেন সবার চিঠির আলাদা জবাব দেব।
গৃহকর না বাড়িয়ে আগের মেয়ররা কিভাবে সিসিসি পরিচালনা করেছেন জানতে চাইলে নাছির বলেন, উনারা কিভাবে চালিয়েছেন সেটা উনারা বলবেন। আমরটা আমি বলব।
“আগে বেতন-ভাতায় ব্যয় ছিল ৭১ কোটি টাকা এখন ১৯১ কোটি টাকা। তাদের দায় দেনার ১৫৭ কোটি টাকা আমি পরিশোধ করেছি।”
ইতিমধ্যে নতুন গৃহকর নিয়ে ৪০ হাজার আপিল জমা পড়েছে জানিয়ে মেয়র বলেন, দ্রুতই রিভিউ বোর্ড কাজ শুরু করবে।
অনুষ্ঠানে সিসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা সামসুদ্দোহা, প্রধান রাজস্ব কর্মকর্তা ড. মো. মুস্তাফিজুর রহমান এবং মেয়র নাছিরের অনুসারী হিসেবে পরিচিত ওয়ার্ড কাউন্সিলর হাসান মাহমুদ হাসনী, শৈবাল দাশ সুমন, হাসান মুরাদ বিপ্লবসহ কয়েকজন কাউন্সিলর উপস্থিত ছিলেন।
