২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়াবা পাচারে চালক, সহকারী, সুপারভাইজার

বাসের চালক, তার সহকারী ও সুপারভাইজার তিনজনই ইয়াবা পাচারকারী দলের সদস্য- এমন একটি চক্রের সন্ধান চট্টগ্রামে পেয়েছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2017, 12:14 PM

Updated : 19 Aug 2022, 05:43 PM

রোববার ভোরে স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিমের নেতৃত্বে র‌্যাব-৭ এর একটি দল নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট ফ্লাইওভার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার মধ্যে চালক কাজী শিশির আহমেদ রনি (৩৫) চাঁদপুর, সুপারভাইজার মো. সোহেল (৩৫) ঝালকাঠি এবং চালকের সহকারী মো. আষাঢ় কুমিল্লার বাসিন্দা।

র‌্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক সিনিয়র এএসপি মিমতানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যাত্রীবাহী বিভিন্ন পরিবহনের আড়ালে দেশের বিভিন্ন স্থানে ইয়াবা পাচার হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে চেকপোস্ট বসানো হয়েছিল।

“বহদ্দারহাট ফ্লাইওভারের নিচে কক্সবাজার থেকে ঢাকাগামী রিলাক্স পরিবহনের বাসটি তল্লাশী করে ইঞ্জিন কভারের ভেতর লুকানো এক লাখ ইয়াবা উদ্ধার করা হয়।”

র‌্যাব কর্মকর্তা মিমতানুর রহমান বলেন, ইয়াবা পাচারের কথা তারা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

“চালক, সুপারভাইজার আর সহকারী তিনজনই এই পাচারে যুক্ত।”

ইয়াবা পরিবহন করায় রিলাক্স পরিবহনের বাসটিও জব্দ করেছে র‌্যাব।

উদ্ধার হওয়া ইয়াবার মূল্য প্রায় পাঁচ কোটি টাকা বলে র‌্যাব কর্মকর্তারা জানান।

গ্রেপ্তার তিনজন, ইয়াবা ও বাস চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-৭ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।